স্কুলমাঠে পশুর হাট, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এলোমেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের মাঠে বসেছে মহিষের হাট। তাই স্বাধীনতা দিবসটা গতকাল রোববার নির্ধারিত দিনে উদ্যাপন করতে পারেনি শিক্ষক-শিক্ষার্থীরা। এক দিন আগে শিশুদের খেলাধুলা করিয়ে রাখা হয়। গতকাল শ্রেণিকক্ষের ভেতরে সারা হয় পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারের এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশের ১২৭ বছরের পুরোনো বিদ্যালয়টি ১ একর ৩৮ শতক জমির ওপর প্রতিষ্ঠিত। পাকা আর সেমিপাকা মিলিয়ে তিনটি ভবনের স্কুলটিতে শিক্ষার্থী ২৫০ জন আর ৬ জন শিক্ষক আছেন।
গতকাল বেলা একটার সময় সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে মহিষ আসতে শুরু করেছে। বিদ্যালয় ভবনের পিলারের সঙ্গে ও মাঠের বিভিন্ন জায়গায় মহিষ বেঁধে রাখা হয়েছে। চলছে কেনা-বেচা। বিদ্যালয়ের বারান্দায় বসেছেন হাটের ইজারাদারের লোকজন। স্বাধীনতা দিবসের কোনো আয়োজন চোখে পড়েনি। বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বসে ছিলেন। অন্য সব কক্ষ তালাবদ্ধ।
প্রধান শিক্ষক বললেন, গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে নানা আয়োজন থাকে। কিন্তু এবারের স্বাধীনতা দিবসটা রোববার পড়ায় বিপত্তি বেধেছে। ভাটইয়ে এটা সাপ্তাহিক হাটের দিন। এদিন বিদ্যালয়ের মাঠে মহিষের হাট বসে। এ কারণে তাঁরা স্বাধীনতা দিবস নির্দিষ্ট দিনে উদ্যাপন করতে পারেননি। তবে ২৫ মার্চ ছেলেমেয়েদের দৌড়, লাফসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল শুধু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চতুর্থ শ্রেণির কক্ষটি বড় হওয়ায় সেখানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর বিষয়টি মোটেও ঠিক নয়। কিন্তু হাট সরানোর বিষয়ে তাঁদের তেমন কিছুই করার নেই। সমস্যা হওয়ায় তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শুধু রোববার সকালে ক্লাস চালুর উদ্যোগ নিতে বলেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতি রোববার এলেই সমস্যাটা মোকাবিলা করতে হয় তাদের। কারণ, কোন মহিষের ‘দৌড়’ কেমন, কেনার আগে সেটা পরখ করে নেওয়া চাই। তাই কেনা-বেচার আগে এই মাঠেই মহিষ তাড়িয়ে নিয়ে বেড়ানো হয়। ফলে রোববার শিশুরা বিদ্যালয়ে এসে তটস্থ থাকে। দুর্ঘটনার আশঙ্কায় দুপুর থেকে তাদের শ্রেণিকক্ষের ভেতরে কার্যত আটকে রাখেন শিক্ষকেরা।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, তিনি প্রায় ছয় বছর হলো এই বিদ্যালয়ে যোগদান করেছেন। এখানে এসেই দেখেন, প্রতি রোববার স্কুলমাঠে মহিষের হাট বসে। খোঁজ নিয়ে জেনেছেন, এটা অনেক পুরোনো হাট। তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন মহিষের হাটটি অন্যত্র সরিয়ে দেওয়ার। কিন্তু নতুন জায়গা না পাওয়ায় সেটা সম্ভব হয়নি।
ভাটই হাটের ইজারা দেওয়া হয় শৈলকুপা উপজেলা প্রশাসন থেকে। তবে উপজেলার প্রশাসনই জানে না, এখানে বিদ্যালয়ের মাঠে সাপ্তাহিক মহিষের হাট বসছে।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওসমান গণি প্রথম আলোকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেবেন।