স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় বেলায়েত হোসেন ওরফে দুলাল মোল্লা (৪৭) নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বেলায়েত হোসেন শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জয়ঝাপ উচ্চবিদ্যালয়ে কর্মরত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী বলেন, বেলায়েত হোসেন স্কুলে অফিস সহকারী কাম বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করতেন। তিনি ২০০৩ সাল থেকে এ স্কুলের সঙ্গে জড়িত। তাঁর মেয়ে বুশরা সরকারি রাজেন্দ্র কলেজে সম্মান শ্রেণিতে পড়াশোনা করেন এবং ছেলে সাইফুল এ বছর চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছে। বেলায়েত নিরীহ ও সৎ ব্যক্তি ছিলেন।
সাইফুল মোল্লা বলে, ‘শত্রুতার জের ধরে লিটন মোল্লাসহ (২৫) এলাকার কয়েকজন গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে রাস্তায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী ও পুলিশ বাবাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায়।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ ইসলাম বলেন, বেলায়েত হোসেনকে হাসপাতালে আনা হয় সন্ধ্যা সোয়া সাতটার দিকে। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।