স্কুলশিক্ষককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
জামালপুর পৌর শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে গত বুধবার মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন।
তবে ওই ঘটনায় অভিযুক্ত বেলটিয়া এলাকার তারা মিয়া (৩০) বলেন, এস এম নূরুল ইসলাম নামের ওই শিক্ষকের ছেলে তাঁর সঙ্গে বেয়াদবি করেছিল। এ কারণে ঝগড়া হয়েছে। ওই শিক্ষককে মারধর করা হয়নি।
বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে শিক্ষক নূরুল ইসলাম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য মাঠ সাজানোর কাজ করছিলেন। কাজ শেষে রাত ৯টার দিকে বেলটিয়া বাজার এলাকার রানা টেইলার্সের সামনে তিনি দাঁড়ান। এ সময় তারা মিয়া তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। রাত নয়টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।