স্কুলশিক্ষার্থী ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীতে একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তিনজন বেকসুর খালাস পেয়েছেন। দণ্ডিত আসামি হলেন মো. আরিফ। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক এ এম জুলফিকার হায়াত আজ মঙ্গলবার এ রায় দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহামুদা আক্তার।
খালাস পাওয়া তিন আসামি হলেন ফাতেমা আক্তার, আরিফা আক্তার ও ফাতেমার ভাই শিপন। রায় ঘোষণার পর আরিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে ২০১১ সালের ৬ আগস্ট চারজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়।
পিপি মাহামুদা আক্তার প্রথম আলোকে বলেন, এ মামলার ভুক্তভোগী শিক্ষার্থীর দুই বান্ধবীর নাম ফাতেমা ও আরিফা। ২০১১ সালের ৭ জুন ভুক্তভোগীকে ফাতেমা তার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে চকলেট খেতে দেয়। এরপর ভুক্তভোগী অচেতন হয়। পরে আসামি আরিফ ধর্ষণ করে তা রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়।
ভুক্তভোগীর বাবার করা মামলাটি তদন্ত করে ২০১১ সালের ১৬ ডিসেম্বর আরিফসহ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় যাত্রাবাড়ী থানা-পুলিশ। আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১২ সালের ১ অক্টোবর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় ১১ সাক্ষীকে আদালতে হাজির করে।