স্কুলশিক্ষার্থীদের পেটাল মাদ্রাসা শিক্ষার্থীরা
ফুটবল খেলায় হেরে যাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা উপজেলার বালসাবাড়ি হাজী আমিনুল উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিজানুর রহমান নামের এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মাঠে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি উল্লাপাড়া শাখা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। খেলায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা ও হাজী আমিনুল উচ্চবিদ্যালয় অংশ নেয়।
হাজী আমিনুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন অভিযোগ করেন, খেলায় ২-০ গোলে কামিল মাদ্রাসা পরাজিত হয়। খেলা শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে উল্লাপাড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের বেধড়ক পেটায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মাদ্রাসার শিক্ষার্থীরা পালিয়ে যায়।
উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তার শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়ে থাকলে তাদের শাস্তি দেওয়া হবে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।