স্কুলশিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত বৃহস্পতিবার সাবেক স্বামীর বিরুদ্ধে এক স্কুলশিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই শিক্ষিকাকে রেখে পালিয়ে যায় সাবেক স্বামীসহ দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই শিক্ষিকা গতকাল শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকা তাঁর পাঁচ বছরের ছেলেকে নিয়ে গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে স্কুল শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের লালদিঘি এলাকায় পৌঁছালে সেখানে একটি সাদা মাইক্রোবাসে ওত পেতে থাকা ওই শিক্ষিকার সাবেক স্বামী ও তাঁর তিন-চারজন সহযোগী তাঁর (শিক্ষিকা) পথরোধ করেন। তাঁরা শিক্ষিকাকে টানা-হেঁচড়া করে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। এ সময় শিক্ষিকাসহ ছেলের চিৎকারে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। এ সময় ওই সড়কে চলাচলরত একটি যাত্রীবাহী বাস সামনে এলে অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা তাঁদের নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষিকাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ওই শিক্ষিকা ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর আগে পার্বতীপুর উপজেলার এক স্কুলশিক্ষকের সঙ্গে ওই শিক্ষিকার বিয়ে হয়। ওই ব্যক্তি (স্বামী) মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাঁর সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছর ৩০ জুলাই তিনি ওই স্বামীকে তালাক দেন। এরপর থেকে ওই শিক্ষিকা চিরিরবন্দরে বাবা-মায়ের সঙ্গে বাস করছেন। তালাক দেওয়ার পর থেকেই ওই শিক্ষিকাকে সাবেক স্বামী মুঠোফোনে ও তাঁর (স্বামী) সহযোগী তিন-চারজন তাঁকে স্কুলে যাতায়াতের পথেও হুমকি দিতেন।
এ ব্যাপারে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে ওই লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।