স্কুলে আ.লীগের কার্যালয় বেড়া দিয়ে মাঠ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে আওয়ামী লীগের কার্যালয় তৈরি করা হচ্ছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে আওয়ামী লীগের কার্যালয় তৈরি করা হচ্ছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। এদিকে ফরিদপুরের সদরপুর উপজেলার হাজী সফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঁশের বেড়া দিয়ে গাছ লাগানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ১৯২৬ সালে কালীগঞ্জের শ্রীরামপুর মৌজার মুকুন্দ মধুসূদনপুর গ্রামে ৪২ শতক জমির ওপর মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সীমানার উত্তর-পশ্চিম পাশে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের টিনের ছাউনি দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে। এর সামনে এক পাশে বঙ্গবন্ধু ও অন্য পাশে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত বাংলাদেশ আওয়ামী লীগ বিষ্ণু ইউনিয়ন শাখার সাইনবোর্ড টানানো রয়েছে। ঘরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুর হায়দারের ছবি ঝোলানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া বিলকিস ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, তাঁরা গত বৃহস্পতিবার জানতে পারেন যে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক ও নিরঞ্জন কুমার পালের নেতৃত্বে বিদ্যালয়ের সামনের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা হবে। ওই দিনই দুই নেতাকে এটা না করার জন্য অনুরোধ করেন তাঁরা।
বিলকিস ও বাসুদেব আরও জানান, শুক্রবার ভোর পাঁচটা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলমসহ ২০-২৫ জনের উপস্থিতিতে বিদ্যালয়ের জায়গায় দলীয় সাইনবোর্ড টানানো হয়। পরে বাঁশের বেড়া দিয়ে সেখানে ঘরের কাঠামো নির্মাণ করা হয়। একপর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হককে জানালে পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
নুরুল হক ও নিরঞ্জন পাল জানান, স্থানীয় সাংসদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে ওই কার্যালয় নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তাফা কামাল বলেন, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান বলেন, যে জায়গায় আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে, তার মালিকানা বিদ্যালয় কর্তৃপক্ষের নয়। জামায়াত-শিবির দখল করে রেখেছিল। তাদের দোকানঘর উচ্ছেদ করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে।
সাংসদ এস এম জগলুল হায়দার জানান, কালীগঞ্জ সাংগঠনিক ইউনিটের দায়িত্ব শেখ ওয়াহেদুজ্জামানের। অফিস ঘর নির্মাণের বিষয়ে তাঁর জানা নেই।
এদিকে সদরপুরের হাজী সফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ফরিদপুরের জেলা প্রশাসক, সদরপুরের ইউএনও, দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত কার্যালয়, সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের বারান্দার সামনে মাত্র কয়েক ফুট জায়গা খালি রেখে বাঁশের বেড়া দিয়ে পুরো মাঠে ৫০টি কাঁঠালগাছের চারা লাগানো হয়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমা আক্তার বলে, ‘মাঠ বন্ধ থাকায় আমাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।’
বিদ্যালয়ের শিক্ষক আবদুর রাজ্জাক শিকদার বলেন, ‘দীর্ঘ ছুটি শেষে ৭ আগস্ট বিদ্যালয় খোলার পর দেখি বাঁশের বেড়া দিয়ে মাঠ ঘিরে গাছ লাগিয়েছেন সোনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম আকন ও তাঁর ভাই আজম আকন। ১৯৯৪ সালে তাঁদের (নিজাম ও আজম) বাবা নওফেল আকন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ফুফু নাজমা আক্তার প্রধান শিক্ষক ছিলেন। ওই বছরের মার্চের দিকে নাজমা আক্তার (বর্তমানে আকোটের চর এস সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক) আমিসহ বিদ্যালয়ের তিন শিক্ষকের কাছ থেকে ২৪ হাজার টাকা নিয়ে বিদ্যালয়ের নামে পার্শ্ববর্তী কৃষ্ণ মঙ্গলের ডাঙ্গীতে ৩৩ শতাংশ জমি কেনেন। ১৯৯৮ সালে বর্তমান জরিপের ডাঙ্গীর ১৮ শতাংশ জমিতে স্কুলের ঘর তোলা হয়। তখন জানানো হয়, এটি বিদ্যালয়ের জায়গা। ১৯৯৪ সালের ২৩ জুলাই বিদ্যালয়ের নিবন্ধনের পর ২০০১-০২ অর্থবছরে পাকা ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালে জানতে পারি, জায়গাটি নিজামদের নামে রেজিস্ট্রিভুক্ত।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া অভিযোগ করেন, তৎকালীন সভাপতি ও প্রধান শিক্ষক জায়গাটি কৌশলে নিজেদের নামে লিখে নিয়েছেন। বর্তমানে এ নিয়ে আদালতে মামলা চলছে।
নাজমা আক্তার বলেন, ওই সময় বিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকে টাকা নিয়ে জমি কেনা হয়নি। নিজাম আকন বলেন, তাঁদের প্রয়োজনীয় সব কাগজপত্র আছে।
সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।