স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র!
ক্লাসে দেরি করে আসায় এক ছাত্রকে বেদম মারধর করেছেন এক শিক্ষক। একপর্যায়ে বেতের একটি আঘাত ওই ছাত্রের পুরুষাঙ্গে লাগে। এ কারণে ছাত্রটির প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত ঝরছে। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না সে।
গত রোববার নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ছাত্রের বাবা।
এর আগে ২৪ আগস্ট সিংড়ার পাঙাশিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই স্কুলের আট ছাত্রকে বেত্রাঘাত করে গুরুতর আহত করেন।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা নিষিদ্ধ। এ-সংক্রান্ত একটি পরিপত্র শিক্ষা মন্ত্রণালয় জারি করেছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউএনও সালমা খাতুন বলেছেন, ওই শিক্ষকসহ দুজনকে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী রোববার স্কুল পরিচালনা কমিটির সভায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কয়েকজন স্কুলশিক্ষার্থী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত রোববার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইকরাম আল কাভি কাব্যসহ ১১ জন শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দেওয়া একটি ফুটবল আনতে স্কুলসংলগ্ন তাঁর কার্যালয়ে যায়। সেখান থেকে ক্লাসে ফিরতে তাদের কিছুটা দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা পারভিনের নির্দেশে সহকারী শিক্ষক আরিফ কাওছার বেত দিয়ে ১১ শিক্ষার্থীকে মারধর করেন। শিক্ষার্থীরা ভয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়নি।
ইকরামের সহপাঠী শায়েখ আজমির হোসেন জানায়, শিক্ষক কাওছারের বেতের একটি আঘাত ইকরামের পুরুষাঙ্গে লাগে। এ সময় ইকরাম চিৎকার দিয়ে উঠলে শিক্ষক মারধর বন্ধ করেন।
ভুক্তভোগী ইকরাম বলেছে, ‘লায়লা ম্যাডামের হুকুমে আরিফ স্যার আমাকে মারতে মারতে বেত ভেঙে ফেলেন। আমি ভয়ে এত দিন কাউকে বলিনি। রক্ত পড়ার পর নানিকে ঘটনাটি বলেছি। তারপর সবাই জেনেছে।’
ইকরামের বাবা ইস্রাফিল হক গতকাল বলেন, ‘আমি গত কয়েক দিন ব্যবসার কাজে ঢাকায় ছিলাম। বাড়ি ফিরে ঘটনাটি জেনে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি। আমার ছেলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। ওর প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ছেলেটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ আঘাতের ফলে তার পুরুষাঙ্গে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেই ক্ষত থেকে রক্ত ঝরছে। তাকে রাজশাহীতে কোনো বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে।
এসব বিষয়ে গতকাল সন্ধ্যায় শিক্ষক আরিফ কাওছারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি বাচ্চাদের বকাঝকা করেছি। কিন্তু মারিনি।’ তাহলে শিক্ষার্থীদের কে মেরেছে, সেই প্রশ্নের কোনো তিনি উত্তর দেননি।