স্কুলে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিশুধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বরিশাল নগরে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সকাল ১০টায় অশ্বিনীকুমার হল চত্বরে এ কর্মসূচির শুরু। ‘পশুত্ব ত্যাগ করে নৈতিকতার আলো জ্বালো’ শিরোনামের এ কর্মসূচিতে বক্তারা যৌন নিপীড়ন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান। তাঁরা আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের।
নারী নির্যাতনবিরোধী সংগঠক দীপু হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল জেলা সভাপতি মনীষা চক্রবর্তী, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাফিনাজ, ফাবিহা আলম, মোমেনা শিফা, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রীতম চৌধুরী, আরাফাত ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৩ বছর অতিক্রম হলেও নারীরা এখনো নিজ দেশেই পরাধীন রয়ে গেছেন। তাঁরা প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হচ্ছেন। নারীদের ভোগ্যপণ্য ভাবার কারণে ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হওয়ায় দিন দিন এ ঘটনা বেড়ে চলেছে। এ জন্য সরকারও অনেকাংশে দায়ী। বিজ্ঞাপনচিত্রে নারীকে পণ্য হিসেবে দেখানো হচ্ছে। এই সংস্কৃতি বন্ধ করতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।