স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে হত্যা, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল নামের নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গণপিটুনির পর আটক করা হয়েছে এক যুবককে। আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিতু মণ্ডল নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। বাবার নাম নির্মল মণ্ডল। আটক যুবকের নাম মিলন মণ্ডল (২০)। তাঁর বাড়িও নবগ্রামে।

এলাকার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিলন মেয়েটিকে কুপিয়ে হত্যার পর পালানোর চেষ্টা করেন। গ্রামবাসী তাঁকে ধাওয়া করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়।

এলাকাবাসীরা আরও জানান, মিলন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের স্নাতক পর্যায়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নিতুকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। আজ স্কুলে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেটে আঘাত করে নিতুকে হত্যা করেন।

কালকিনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ুই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্কুল বন্ধ রাখা হয়েছে।

কালকিনি উপজেলার ডাশার থানার উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন জানান, মাদারীপুর সদর হাসপাতালে মিলনকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।