স্কুলে যাচ্ছে না মেয়েটি আতঙ্কে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রায়দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের ওপর হামলাকারী বখাটেদের পুলিশ ১৬ দিনেও গ্রেপ্তার করতে পারেনি। ওই বখাটেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। এতে বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।
এ ছাড়া বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে (১১) ওই বখাটেরা উত্ত্যক্ত করায় ১৭ দিন ধরে সে বিদ্যালয়ে আসছে না।
মামলার এজাহার, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উত্ত্যক্তের শিকার শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, বখাটেরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল। এ ছাড়া তারা শিক্ষকদের কাছে চাঁদাও দাবি করছিল। গত ১৬ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বখাটেদের ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৮ মে বিদ্যালয়ে এসে রায়দেরপাড়া গ্রামের সৌরভ (১৯), শান্ত মিয়া (১৯), রুবেল মিয়া (২০), মিজু (২০) ও সবুজ (২১) প্রধান শিক্ষক মোশাররফ ও সহকারী শিক্ষক আছমা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ১৯ মে রাতে ওই পাঁচজনের বিরুদ্ধে মোশাররফ বাদী হয়ে চাঁদা দাবি, মারধর ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে মামলা করেন।
উত্ত্যক্তের শিকার ওই শিক্ষার্থী বলে, ‘১৭ দিন ধরে বখাটেদের ভয়ে স্কুলে যাইতে পাতেছি না। আপনারা আমার স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিন।’
নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘ওরা যদি আবার আহে—তাই ক্লাসে মন বসে না। আমরা ওদের বিচার চাই। ওরা যেন আমাদের স্কুলে আর আসতে না পারে।’
সহকারী শিক্ষক রোকসানা নাসরিন জানান, বখাটেদের বিচার না হওয়ায় তাঁরা আতঙ্কে আছেন। প্রধান শিক্ষক মোশাররফ বলেন, বখাটেরা বিদ্যালয়ের মাঠে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। ফের বখাটেদের হামলার আশঙ্কা এবং আতঙ্কে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চায় না। ঘটনার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, শিগগিরই ওই পাঁচ বখাটেকে গ্রেপ্তার করা হবে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন জানান, বখাটেদের গ্রেপ্তারে ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।