স্কুলে যেতে না চাওয়ায়...
বিদ্যালয়ে যেতে রাজি না হওয়ায় নিজের মেয়েকে বস্তায় ভরে পুকুরের পানিতে ফেলে দেন এক মা। তবে সেখান থেকে দ্রুত শিশুটিকে তুলে আনেন এক ব্যক্তি। বেঁচে যায় শিশুটি। তবে মায়ের দাবি, তিনি হত্যার উদ্দেশ্যে এমনটা করেনি, ভয় দেখাতে করেছেন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ে। পারিবারিক কলহের জেরে তিন বছর আগে তার মা-বাবার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে শিশুটি মা ও নানির সঙ্গে খালার বাড়িতে থাকে।
গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল নয়টায় শিশুটিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য চাপ দেয় তার মা। যেতে না চাইলে শিশুটির ওপর খেপে গিয়ে তাকে বস্তার ভরে পুকুরে ফেলে দেন। এ দৃশ্য দেখে গ্রামের এক ব্যক্তি দ্রুত পুকুর থেকে শিশুটিকে তুলে আনেন। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে শিশুটির মা ও নানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
থানায় শিশুটির মা প্রথম আলোর কাছে দাবি করেন, মেয়ে স্কুলে যেতে না চাওয়ায় এবং ঠিকমতো লেখাপড়া না করায় তার ওপর রেগে যান। ভয় দেখানোর জন্যই মেয়েকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। হত্যার উদ্দেশ্যে এ কাজ করেননি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে শিশুর মা ও নানিকে থানায় এনে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।