স্কুলের গাছ বিক্রি করলেন পরিচালনা কমিটির সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজের ছয়টি গাছ বিক্রি করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য আজাহার আলীর বিরুদ্ধে এই গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
তবে আজাহার আলীর দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, নিজস্ব জমির গাছ বিক্রি করেছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজের জায়গার দুটি বড় কদমগাছসহ মোট ছয়টি গাছ নয় হাজার টাকায় স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সকালে কদমগাছ দুটি কাটেন। বাকি গাছগুলো কাটতে গেলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ কালীদাস সাহা বাধা দেন। পরে ওই ব্যবসায়ী চলে যান।
জানা যায়, ১৯১৩ সালে হৃদয়নাথ মজুমদার ও মাখন চন্দ্র মজুমদার নামের দুই ব্যক্তি স্কুলের নামে প্রায় ১০ বিঘা জমি দানপত্র দলিল করে দেন। সেই জমির ১৩ শতক আজাহার আলী নিজের বলে দাবি করছেন। ওই গাছগুলো বিরোধপূর্ণ জমির অংশে পড়েছে।
বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালীদাস সাহা জানান, গাছগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গার। এগুলো আজাহার আলী অবৈধভাবে বিক্রি করেছেন।
পরিচালনা কমিটির সভাপতি নীনা রহমানও বললেন একই কথা। গাছগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের। এগুলো বিক্রি বা কাটা ঠিক হয়নি।