স্কুলের ছাদে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় সাত দিন ধরে নিখোঁজ আবদুর রউফ (৪৫) নামের এক আম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জামনগরের ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর থেকে তাঁর পচা ও গলিত লাশ উদ্ধার করা হয়। আবদুর রউফ একই এলাকার ভিতরভাগ গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

নিহত আবদুর রউফের ভগ্নিপতি আবদুল মালেক জানান, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন আবদুর রউফ। মঙ্গলবার সকালে বাগাতিপাড়া থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ব্যবসাসংক্রান্ত কারণে কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে। তিনি আরও জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন গিয়ে ছাদের ওপর তাঁর পচা ও গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাগাতিপাড়া থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন। তবে সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে।