স্কুলের জমি দখল করে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর সাধুপুর জে এ এস উচ্চবিদ্যালয়ের জমি দখল করে টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। ঘরের ওপর কিন্ডারগার্টেনের ব্যানার টানিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর সাধুপুর জে এ এস উচ্চবিদ্যালয়ের জমি দখল করে টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। ঘরের ওপর কিন্ডারগার্টেনের ব্যানার টানিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

জামালপুরের মেলান্দহ উপজেলার সাধুপুর জে এ এস উচ্চবিদ্যালয়ের জমি দখল করে ছাত্রলীগের সাবেক এক নেতা একটি কিন্ডারগার্টেন করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের জমিতে ১৫টি দোকান বানিয়ে স্থানীয় কয়েক ব্যক্তি ব্যবসাও করছেন।
স্থানীয় কয়েকজন জানান, ওই কিন্ডারগার্টেনটি পরিচালনা করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাছান। তিনি সাধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয় কর্তৃপক্ষ যাতে কিন্ডারগার্টেনটি ভাঙতে না পারে সে জন্য সেখানে মাঝেমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আলোচনা সভাসহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কিন্ডারগার্টেনটিকে মাহমুদুল হাছান কৌশলে দলীয় কার্যালয় হিসেবেও প্রচার করে থাকেন।
কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয় হলেও এখানে দোকান থাকায় বাইরের লোকজনের অবাধ চলাফেরা হয়। প্রায়ই দোকানে খুব শব্দ করে গান বাজানো হয়। এতে ক্লাসের সময় লেখাপড়ায় মন বসে না। লোকজনের অবাধ চলাফেরার কারণে ছাত্রীরা ক্লাস থেকে বের হতে পারে না।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের জমি দখল করে গড়ে তোলা টিনশেডের একটি ঘরে পাওয়ারফুল কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সেন্টার নামে একটি ব্যানার টাঙানো। কিন্ডারগার্টেনে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়। একটি ঘরে শিক্ষার্থীদের জায়গা না হওয়ায় বিদ্যালয়ের পূর্ব পাশে আরও পাঁচটি টিনশেড কক্ষ নির্মাণ করে কার্যক্রম চালাচ্ছেন মাহমুদুল হাছান। একইভাবে ফরিদ মিয়া, নূর হোসেন, সাইফুল ইসলাম, বনিস মিয়া, দেলুয়ার হোসেন, আবদুস ছামাদ, রুহুল আমিন, ইনসান আলী, আবু তালেব, নজরুল ইসলাম, নূর রহমান, রাসেল মিয়া, বারেক আলী, হাবিব মিয়া ও শাহিন আলী বিদ্যালয়ের জমি দখল করে পূর্ব পাশে ঘর তুলে দোকান দিয়েছেন। তাঁরা সবাই সাধুপুর এলাকার বাসিন্দা।

মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়ন ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আল-আমিন বলেন, ‘যদিও সব জমি এখন বিদ্যালয়ের। কিন্তু আমার দাদা প্রায় ৫২ শতাংশ জমি স্কুলে দিয়েছিলেন। তাই আমরা এখানে ঘর নির্মাণ করে কিন্ডারগার্টেন দিয়েছি। এতে বিদ্যালয়ের কোনো সমস্যা হচ্ছে না।’

 বিদ্যালয়ের উত্তর পাশের একটি ইলেকট্রনিকস দোকানের মালিক রুহুল আমিন বলেন, ‘দোকানঘরটি স্থানীয় বনিস নামের এক ব্যক্তির কাছ থেকে বছর খানেক আগে সাড়ে ১৭ হাজার টাকায় কিনেছি। তবে এখানে থাকা অন্য সব দোকানপাট যদি তুলে দেওয়া হয়, আমিও দোকান ভেঙে চলে যাব।’

কিন্ডারগার্টেনের পরিচালক মাহমুদুল হাছান বলেন, কিন্ডারগার্টেন হলেও এটি দলীয় কার্যালয়। যে সময় দলীয় কর্মসূচি থাকে সে সময় স্কুল বন্ধ রেখে দলীয় কর্মসূচি পালন করা হয়। কিন্ডারগার্টেনের জন্য বিদ্যালয়ের কোনো সমস্যা হওয়ার কথা না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সব সদস্য ও আমরা শিক্ষকেরা সভা করে তাঁদের স্থাপনা (কিন্ডারগার্টেন ও দোকান) সরিয়ে নিতে অনেকবার তাগাদা দিয়েছি। কিন্তু তাঁরা আমাদের কথায় কোনো কর্ণপাতই করেন না। বিদ্যালয়ের জায়গা ছেড়ে দিতে অনুরোধ করায় তাঁরা আমাদের এখন শত্রু মনে করেন।’ তিনি বলেন, প্রায় ২০ শতাংশ জমি দখল করে কিন্ডারগার্টেন ১৫ দোকান নির্মাণ করা হয়েছে। বিদ্যালয় ছুটির পর ওই সব দোকানের সামনে বসানো হয় বাজার। অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল হক বলেন, ‘ওই বিদ্যালয় আমি পরিদর্শন করেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিদ্যালয় মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’