স্কুলের পাশ থেকে ৪ মণ গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে স্কুলের পাশ থেকে আজ শুক্রবার ভোরে পরিত্যক্ত অবস্থায় চার মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গাঁজার একটি বড় চালান ভৈরব হয়ে ঢাকা বা অন্য কোনো জায়গায় নেওয়া হচ্ছে—এমন খবরের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। ভোরে র‌্যাব বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে স্কুলের পূর্ব পাশের একটি জায়গায় গাঁজার চালানটি পড়ে থাকতে দেখে।

ক্যাম্পের স্কোয়াড কর্মকর্তা নাজিম উদ্দীন আল আজাদের ভাষ্য, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১৬০ কেজি। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ভৈরব থানার পুলিশের কাছে গাঁজা বুঝিয়ে দেওয়া হয়েছে।