স্কুলের মাঠ দখলে নিয়ে 'কাউন্সিলর কাপ'

সিলেট নগরের বাগবাড়ি এলাকার বর্ণমালা সিটি একাডেমি বিদ্যালয়টি এখন যেন অচেনা কোনো প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের চিরচেনা সেই খেলার মাঠ উধাও! সেখানে এখন ব্যাডমিন্টন খেলার কোর্ট। তার পাশে বিশাল মঞ্চ। খেলার দর্শকদের জন্য স্থাপন করা হয়েছে সুসজ্জিত প্যান্ডেল। শিক্ষার্থীদের খেলার মাঠটি রীতিমতো স্টেডিয়ামপাড়ায় পরিণত হয়েছে।
এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসেম্বলি ব্যাহত হচ্ছে। মাঠের জায়গা দখল হয়ে যাওয়ায় তারা গাদাগাদি করে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছে। কয়েক দিন ধরে বন্ধ রয়েছে শারীরিক কসরত। বিরতিতে খেলতে পারছে না শিক্ষার্থীরা। এমনকি বিদ্যালয়ে ঠিকমতো প্রবেশও করা যায় না।
অথচ সপ্তাহ খানেক আগেও এসব সমস্যা ছিল না। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান ওরফে কামরান বিদ্যালয়ের মাঠটি দখল করে সেখানে নিজের নামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু করেছেন। সেই কারণেই যত সমস্যার সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিশাল এ প্রতিযোগিতার জন্য কাউন্সিলর বিদ্যালয় কর্তৃপক্ষ বা সিটি করপোরেশন কারওই অনুমতি নেননি।
বিদ্যালয়ের দুজন শিক্ষক এবং অন্তত ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘কাউন্সিলর কামরান কাপ দ্বৈত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ নামের এই প্রতিযোগিতা ২২ জানুয়ারি শুরু হয়েছে। তবে তার কয়েক দিন আগে থেকেই মাঠটি দখল করে খেলার কোর্ট, অতিথি বসার মঞ্চ ও দর্শকদের বসার প্যান্ডেল বানানো হয়েছে। ফলে তখন থেকেই অ্যাসেম্বলি ব্যাহত হচ্ছে। তাদের মতে, বিদ্যালয়ের পরিবেশ নষ্ট না করে এ আয়োজন অন্য কোনো স্থানেও হতে পারত।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতকী রঞ্জন চৌধুরীর দাবি, ব্যাডমিন্টন প্রতিযোগিতার কারণে বিদ্যালয়ের পরিচিতি বাড়ছে। এ ছাড়া মাঠটিও খেলার আয়োজকেরা মাটি ভরাট করে আগের চেয়ে সুন্দর করে দিয়েছেন। কিন্তু বিদ্যালয়ের মাঠ ব্যবহারে অনুমতি নেওয়া হয়েছে কি না, প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘বিদ্যালয়টি সিটি করপোরেশনের পরিচালনাধীন। তিনি (কাউন্সিলর) সেখান থেকেই মনে হয় অনুমতি নিয়েছেন।’
কিন্তু সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বিদ্যালয়ের মাঠ ব্যবহারে কাউন্সিলর কোনো অনুমতি নেননি। প্রতিযোগিতার কারণে মাঠের কোনো ক্ষতি হলে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করলে কাউন্সিলর মোখলেছুর রহমান দাবি করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও সিটি করপোরেশন থেকে তিনি অনুমতি নিয়েছেন। রাতে খেলা চলায় শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন বা শারীরিক চর্চা বিঘ্নিত হচ্ছে না। তিনি বলেন, তিন লাখ টাকা ব্যয়ে একটি কোর্ট বানানো হয়েছে। প্রতিযোগিতা শেষে কোর্টটি বিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে। এটি শিক্ষার্থীদের জন্যও লাভ।