
রাজধানীর উত্তরায় আজমপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকটি ভ্রাম্যমাণ দোকানের দখলে চলে গেছে। ফটকের সামনের ফাঁকা জায়গায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে করে ফটকটি সারাক্ষণ বন্ধই রাখতে হয়।
কয়েক দিন স্কুলের চারপাশ ঘুরে দেখা যায়, দিন ও রাতের বিভিন্ন সময় আশপাশের এলাকার লোকজন স্কুলের মূল ফটকের সামনের ফাঁকা জায়গায় ময়লা ফেলছে। সকালে সিটি করপোরেশনের গাড়ি এসে সেখান থেকে ময়লা তুলে নিচ্ছে। তারপরও কিছু ময়লা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকছে। আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক বিপরীত পাশেই আছে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। কাছেই আছে রাজউক উত্তরা মডেল কলেজ এবং নির্মাণাধীন আজমপুর এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্স। তাই আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের ভিড় কিছুটা বেশি।
জানতে চাইলে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস সুলতানা প্রথম আলোকে বলেন, ‘স্কুল গেটের সামনে থাকা দোকান ও আবর্জনার ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার ও সিটি করপোরেশনকে জানিয়েছি। খুব একটা কাজ হয় না। মাঝেমধ্যে এগুলো উচ্ছেদ করা হলেও আবার বসে। সাধারণত স্কুলে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে মূল গেটটি পরিষ্কার করে খুলে দেওয়া হয়। আর মূল গেট থেকে স্কুল ভবনে আসার কোনো সংযোগ সড়ক না থাকায় ২ নম্বর গেটটি ব্যবহার করছি।’
স্কুলের যে গেটটি (২ নম্বর) বর্তমানে ব্যবহার করা হচ্ছে, সেটি ঘেঁষেও গড়ে উঠেছে কয়েকটি চায়ের দোকান। আজমপুর বাসস্ট্যান্ড ও শাহজালাল অ্যাভিনিউয়ের সঙ্গে থাকা স্কুল প্রাচীরের দুই পাশই হয়ে উঠেছে উন্মুক্ত শৌচাগার। লোকজন এখানে প্রস্রাব করে। অথচ আজমপুর বাসস্ট্যান্ডেই আছে একটি গণশৌচাগার। যদিও সেটির নিষ্কাশনব্যবস্থা খুব একটা ভালো নয়। আর দুই পাশের ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরে পড়ে আছে বেশ কয়েকটি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের পরিত্যক্ত কাঠামো। খানিকটা আড়াল থাকায় রাতের বেলা এখানে জমে উঠে মাদকসেবীদের জমজমাট আড্ডা।
অভিভাবক স্বপ্না বলেন, ‘শুরু থেকে দেখছি মূল গেটটা বন্ধই থাকে। আমরা একটু ঘুরে ২ নম্বর গেট দিয়েই যাতায়াত করি। মূল গেটের সামনে তো দোকান, আবর্জনা আর ভাঙা গাড়ি পড়ে আছে।’
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলে, ‘পাবলিক টয়লেটের দুর্গন্ধে নাক আটকে যায়। আবর্জনা দেখতে ভালো লাগে না।’
জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরিত্যক্ত গাড়িগুলো কি ব্যক্তিমালিকানায় রাখা হয়েছে, নাকি থানা থেকে রাখা হয়েছে—সে ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। এ রকম কোনো তথ্য যেহেতু আমাদের কাছে নেই, তাই আমরা লোক পাঠিয়ে খোঁজ নেব। তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জানালে ভালো হয়।’