স্কুলের সামনে ছুরিকাঘাতে ছাত্রকে হত্যা

সাদা শার্ট আর প্যান্টে রক্তের ছোপ ছোপ দাগ। মর্গের বারান্দায় ট্রলির ওপর নিথর পড়ে আছে নবম শ্রেণির ছাত্র রাশেদুজ্জামান ওরফে লিয়নের (১৪) লাশ। লাশের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে কেঁদে চলছেন খালা মাসুমা আক্তারসহ কয়েকজন স্বজন। মর্গের বাইরে উৎসুক মানুষের ভিড়।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এমন দৃশ্য দেখা যায়। রাশেদ ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। সহপাঠীদের সঙ্গে বিরোধের জের ধরে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাশেদ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত রাশেদের বাবার নাম আক্তারুজ্জামান। তিনি মালয়েশিয়াপ্রবাসী। মা রাশেদা আক্তারের সঙ্গে শহরের বলাশপুর এলাকায় থাকত রাশেদ।
রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের প্রথম ফটকের সামনে সড়ক আটকে বিক্ষোভ করে স্কুলের শিক্ষার্থীরা। পরে ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে স্কুলের ফটকঘেঁষা একটি দোকানের সামনে রাশেদের সঙ্গে তার কয়েকজন সমবয়সীর প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এক তরুণ রাশেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাশেদের তিন সহপাঠী একটি ইজিবাইকে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুপুর ১২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে দেখা যায়, স্কুলের শিক্ষার্থীরা ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। রাশেদের একাধিক সহপাঠী, শিক্ষক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে সে স্কুলে আসে। শ্রেণিকক্ষের ভেতর দুই সহপাঠীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় তার। এর জের ধরে ওই দুই সহপাঠী রাশেদকে স্কুল ফটকের বাইরে ডেকে নিয়ে যায়। ওই সময় ধস্তাধস্তির একপর্যায়ে রাশেদের পিঠে ছুরিকাঘাত করে বহিরাগত এক তরুণ। পরে সে পালিয়ে যায়। ওই তরুণ আগে থেকেই ফটকের সামনে ছুরি হাতে বসে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সঠিক তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, সহপাঠীদের সঙ্গে বিরোধের জের ধরেই রাশেদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।