স্ক্রু ড্রাইভার দিয়ে শিশুকে হত্যা, মামাতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
রাজবাড়ী সদর উপজেলায় এক কিশোরের বিরুদ্ধে তার তিন বছর বয়সী মামাতো ভাইকে স্ক্রু ড্রাইভার দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।
গত বৃহস্পতিবার থেকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
নিহত শিশুর নাম নাহিদ তালুকদার (৩)। সে রাজবাড়ী সদর উপজেলার রোকন উদ্দিন তালুকদারের ছেলে। পুলিশ এ ঘটনায় ওই কিশোরকে (১৪) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদকে তার ফুপাতো ভাই বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে যায়। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে গলায় ফুটো করে হত্যার চেষ্টা করে।
গুরুতর আহত নাহিদ মারা গেছে ভেবে তাকে মাটিতে পুঁতে রাখার জন্য গর্ত খুঁড়ছিল ওই কিশোর। এ সময় এক প্রতিবেশী ঘটনাটি দেখে চিৎকার দেন। এতে আশপাশের লোকজন এলে সে পালিয়ে যায়। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিবেশী ও ইউপি চেয়ারম্যান এ কে এম সফিউদ্দিন আহম্মেদ কাশেম বলেন, নাহিদ ও ওই কিশোর আপন মামাতো-ফুফাতো ভাই। ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে।
পরিবারের অবাধ্য হওয়ায় তার (কিশোর) বাবা-মা তাকে বকাঝকা করতেন। নাহিদের বাবাও মাঝেমধ্যে তাকে শাসন করতেন। এর প্রতিশোধ নিতেই মামাতো ভাইকে সে হত্যা করার চেষ্টা করে থাকতে পারে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, গতকাল দুপুরে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। নিহত শিশুর বাবা বাদী হয়ে গতকাল দুপুরে ওই কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন।