স্টাফ বাস লক্ষ্য করে ককটেল, আহত ৩
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার জনতা ব্যাংকের একটি স্টাফ বাস লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে তিনজন আহত হন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আবদুল লতিফ মিজি (৫৩), সুরেশ (৪৮) ও আরশাদ মিয়া (৫৫)। শরীরের বিভিন্ন অঙ্গে তাঁরা আঘাত পেয়েছেন।
আহত আবদুল লতিফ মিজির ভাষ্য, সকালে স্টাফ বাসটিতে করে নারায়ণগঞ্জ থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঢাকার অফিসে যাচ্ছিলেন। বাসটি ভাঙ্গাপ্রেস এলাকায় পৌঁছামাত্র এটিকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়া হয়। আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে তাঁরা আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর শাহবাগ থানার অস্থায়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, আহত ব্যক্তিদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।