স্টাম্প দিয়ে পিটিয়ে মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবী সিংপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে মাদ্রাসাছাত্র আবু তাহেরকে (১৩) হত্যার অভিযোগ উঠেছে।
আবু তাহেরের বাড়ি দেবী সিংপুর গ্রামে। সে স্থানীয় কুতুবেরহাট দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেলে দেবী সিংপুর গ্রামের আবু তাহের তার ছোট ভাই আহাদ হোসেনকে নিয়ে বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় তাহের বাড়ি ফিরছিল।
এ সময় তার হাত থেকে স্টাম্প কেড়ে নেওয়ার চেষ্টা করে একই এলাকার এক কিশোর (১৫)। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই কিশোর তাহেরকে কিল-ঘুষি মারে এবং হাত থেকে স্টাম্প কেড়ে নিয়ে তাকে পিটিয়ে আহত করে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন তাহেরকে উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ তাহেরের লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।