স্টাম্পের আঘাতে কিশোরের মৃত্যু : ৩ খেলার সাথি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কলেজিয়েট স্কুল মাঠের পাশে ক্রিকেট খেলার সময় স্টাম্পের আঘাতে মো. ফয়সাল (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সালের বড় দুই ভাই মাসুম ও মাকসুদ ঘটনাটিকে দুর্ঘটনাবশত বলে জানান। তবে তাদের অন্য বড় ভাই মো. মামুন মাঠে মারধর করার কারণে তাঁর ভাই ফয়সাল মারা গেছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খেলার সময় মাঠে থাকা ফয়সালের তিন সহপাঠীকে আটক করেছে।
নিহত ফয়সাল নগরের আইস ফ্যাক্টরি রোড মরিচ্যাপাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে। পাঁচ ভাই দুই বোনের মধ্যে ফয়সাল চতুর্থ। সে তাদের একটি ছোট পান দোকানে মাঝেমধ্যে কাজ করত। ভাইদের কেউ তেমন পড়ালেখা করেনি। বাবা শাহজাহান মাছের আড়তে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেলে মরিচ্যাপাড়াসহ আশপাশের কিশোর ও তরুণেরা মিলে নগরের কলেজিয়েট স্কুল মাঠের পাশে শুকিয়ে যাওয়া পুকুরে প্রতিদিনের মতো ক্রিকেট খেলতে যায়। এ সময় ফয়সাল, তাঁর বড় দুই ভাই মাসুম ও মাকসুদও খেলতে যায়। একপর্যায়ে আরাফাত নামে একজন স্টাম্প ছুড়ে মারলে ফয়সাল মাঠে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে আরাফাত ও তার ভাইয়েরা মিলে ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, ‘আমরা তার ভাই ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জেনেছি, ছুড়ে মারা স্টাম্পের আঘাতে ফয়সাল মারা গেছে। এখনো আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। অন্যান্য কারণও খতিয়ে দেখছি।’
ফয়সালের বাঁ-কানের নিচে স্টাম্পের আঘাত লাগে। এ ছাড়া কপালের এক পাশে ঘষা লেগে ক্ষত হওয়ার দাগ রয়েছে। স্টাম্পের আঘাত খেয়ে পড়ে যাওয়ার পর কপালের ক্ষতটি হতে পারে বলে জানান ওসি মর্জিনা।
ফয়সালের সঙ্গে খেলায় অংশ নেওয়া বড় ভাই মো. মাসুম বলেন, ‘একপাশ থেকে ছুড়ে স্টাম্প দেওয়ার সময় ফয়সালের কানের নিচে সেটি আঘাত করে। এতে সে লুটিয়ে পড়ে। পরে আরাফাতসহ আমরা ফয়সালকে হাসপাতালে নিয়ে আসি। এটা দুর্ঘটনাবশত হয়েছে।’
খেলায় অংশ নেওয়া অপর বড় ভাই মাকসুদও তার ভাই দুর্ঘটনাবশত আঘাত পেয়েছে বলে দাবি করে বলেন, কেউ তাকে ইচ্ছাকৃতভাবে মারেনি।
হাসপাতালের পুলিশ ফাঁড়িতে যখন ওসি মর্জিনা ফয়সালের এই দুই ভাই এবং আনয়নকারী অন্যদের সঙ্গে কথা বলছিলেন, তখন অপর বড় ভাই মো. মামুন এসে চিৎকার করে বলতে থাকেন, তাঁর ভাইকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে।
পরে মামুন প্রথম আলোকে বলেন, ‘আরাফাত আমজাদী আমার ভাইকে ইচ্ছা করে স্টাম্প দিয়ে আঘাত করেছে। এতে তার মৃত্যু হয়। আমি তার বিরুদ্ধে মামলা দেব।’
এ ঘটনায় পুলিশ আরাফাত আমজাদী ও আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। এই তিনজন এবং তার দুই ভাই মিলে ফয়সালকে হাসপাতালে নিয়ে আসে।
চমেক হাসপাতালে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে স্টাম্পের আঘাতে ঘটেছে বলে মনে হচ্ছে। তবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে নিয়ে যাচ্ছি। দেখা যাক, অন্য কোনো কারণ বের হয় কি না।’
ফয়সাল মারা যাওয়ার খবর পেয়ে তার বড় ভাই মামুন ও দুই খালা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন।