স্টেশনমাস্টারসহ পাঁচজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট না পেয়ে গতকাল রাতে চট্টগ্রাম স্টেশনের সব কার্যক্রম বন্ধ করে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাত সাড়ে সাতটায় স্টেশনের সব ফটক করে বন্ধ করে মিছিল করেন তাঁরা। এর আগে নিরাপত্তা কর্মীদের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হন। 
রাত নয়টার দিকে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুরাদ হোসেন নেতৃত্বে রেল কর্মকর্তারা ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকেই ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার হুকুম দেওয়ার অভিযোগে চট্টগ্রাম স্টেশনমাস্টার আবু জাফর আহমদ, ২ নম্বর কাউন্টারের বুকিং ক্লার্ক মোহাম্মদ মহসীন এবং রেলের তিন নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দেন মুরাদ হোসেন। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে সোয়া ১০টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকায় ছাত্রলীগের সমাবেশে যোগ দেওয়ার জন্য আগামী শুক্রবারের তূর্ণা এক্সপ্রেসের ছয়টি কোচের টিকিট দাবি করে নগর ছাত্রলীগের নেতা-কর্মীরা। কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ায় গতকাল রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্টেশনে হইচইয়ের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাঁদের পিটিয়ে সরিয়ে দেন।
রেলওয়ের বিভিন্ন সূত্র জানায়, ঢাকায় ছাত্রলীগের সমাবেশে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা শনিবারের তূর্ণা এক্সপ্রেসের তিনটি কোচ এবং উত্তর জেলা দুটি কোচের টিকিট কিনে নেন। কিন্তু মহানগর ছাত্রলীগ ছয়টি কোচের টিকিট দাবি করেন। একই ট্রেনে ছয়টি কোচের টিকিট না নিয়ে অন্য আন্তনগর ট্রেন থেকে কিছু টিকিট নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মহানগর ছাত্রলীগের নেতারা ছয়টি কোচের টিকিট দাবি করেছিলেন। এ ব্যাপারে গতকাল বুধবার সকালে আমার সঙ্গে তাঁদের দেখার করার কথা ছিল। তাঁরা না এসে সন্ধ্যায় স্টেশনে টিকিট কিনতে যান। কিন্তু একসঙ্গে এতগুলো টিকিট কাউন্টার থেকে দেওয়া যায়নি।’
মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রেলপথমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আমাদের স্টেশনমাস্টারের সঙ্গে দেখা করে ছয়টি কোচের টিকিট নিতে পরামর্শ দেন। আমরা স্টেশনমাস্টারের কাছে গেলে টিকিট নেই বলে তিনি আমাদের কালোবাজার থেকে টিকিট নিতে পরামর্শ দেন। একপর্যায়ে তাঁর নির্দেশে রেলের নিরাপত্তাকর্মীরা আমাদের ছেলেদের ওপর হামলা চালান। এতে দুজন গুরুতর আহত হন। আমাদের দাবি অনুযায়ী স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের দাবি অনুযায়ী স্টেশনমাস্টার এতগুলো টিকিট দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের ছেলেরা ভাঙচুরের চেষ্টা চালালে নিরাপত্তাকর্মীরা তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেন। এরপর শতাধিক নেতা-কর্মী এসে স্টেশনের সব ফটক বন্ধ করে দিয়ে ভেতরে মিছিল ও ভাঙচুর চালান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, টিকিট না পেয়ে ছাত্রলীগের ছেলেরা স্টেশনে হইচই করেন। এ সময় দরজার কাচ ভাঙা হয়। এরপর রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে একটি সমঝোতায় আসেন ছাত্রলীগ নেতারা।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি টিকিট কেনার জন্য স্টেশনে যাই। কিন্তু ফটক বন্ধ দেখে কাউন্টারে যেতে পারিনি। ছাত্রলীগের ছেলেরা ভেতরে টিকিটের দাবিতে মিছিল-সমাবেশ করেন। এ সময় কয়েকটি কম্পিউটার ও কাচ ভাঙচুর করতে দেখা গেছে। উত্তেজনাকর পরিস্থিতি দেখে এক ঘণ্টা অপেক্ষা করে আমি বাসায় দিকে চলে যাই।’