স্টেশনে কনটেইনার ট্রেনের তেল লুট?
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনে কনটেইনার ট্রেন থেকে গত বুধবার রাতে তেল লুট করার অভিযোগ পাওয়া গেছে।
ট্রেনের চালক হেমায়েত হোসেন বলেন, বুধবার রাত ১০টার দিকে কমলাপুর থেকে চট্টগ্রামগামী কন্টেইনার ট্রেন (চট্টগ্রাম-৮১০) নিয়ে আড়িখোলা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়ে ট্রেন ছাড়ার সময় জানতে চান। স্টেশন মাস্টার তাঁকে বলেন, পেছন থেকে মহানগর এক্সপ্রেস (৭২২) যাওয়ার পর তাঁর ট্রেন ছাড়া হবে। এ কথা জেনে তিনি ইঞ্জিনে প্রবেশ করতেই দুই পাশ থেকে ৮-১০ জন দুর্বৃত্ত তাঁকে টেনেহিঁচড়ে ইঞ্জিন থেকে নামায় ও মারধর করে। এ সময় ইঞ্জিন থেকে তেল লুট করা হয়। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে আশ্রয় নেন। পরে রেলের নিরাপত্তাকর্মী ও কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় তিনি ইঞ্জিনে ফিরে দেখেন, প্রায় ২৮০ লিটার তেল লুট করা হয়েছে।
আড়িখোলা স্টেশনের কর্তব্যরত মাস্টার দিলীপ চন্দ্র দাস বলেন, ‘মালবাহী ট্রেনটিকে অতিক্রম করার জন্য মহানগর এক্সপ্রেস পেছন দিকে পুবাইলে অপেক্ষা করছিল। কন্ট্রোল রুমের মালবাহী ট্রেনটিকে আড়িখোলায় থামিয়ে মহানগরের জন্য লাইন ক্লিয়ার দিই। তেল লুটের ঘটনায় প্রথমে জিআরপি ও সংশ্লিষ্ট থানায় সহযোগিতা চেয়ে ফোন করেছি।’
হেমায়েত হোসেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেন। একই ঘটনায় নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম নবী ভৈরব রেলওয়ে থানায় পৃথক অভিযোগ দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ও নরসিংদী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম।
এলাকাবাসীর অভিযোগ, ট্রেনের চালক, গার্ড ও স্টেশন মাস্টারদের যোগসাজশে রেলওয়ে থানা-পুলিশকে হাত করে দীর্ঘদিন ধরে আড়িখোলা রেলওয়ে স্টেশন থেকে তেল চুরির ঘটনা ঘটছে। মাঝেমধ্যে চালকেরা রাজি না হলে অস্ত্রের মুখে জিম্মি করে তেল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। আর ট্রেনের তেলকে কেন্দ্র করে চক্রটি উপজেলার কাপাসিয়া সড়কসহ কালীগঞ্জের আনাচকানাচে গড়ে তুলেছে বেশ কিছু খোলা তেলের দোকান।
ওসি আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, তেল চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে।