স্টেশনে নেই, ট্রেনের টিকিট মিলল গুড়ের আড়তে!

নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেলওয়ে জংশন স্টেশনে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট মিলছে না। অথচ কাউন্টারের পাশের গুড়ের আড়তের টেবিল থেকে ১ লাখ ৪১ হাজার ৭৮০ টাকা মূল্যের ১৯৪টি টিকিট উদ্ধার করেছেন র্যাবের সদস্যরা।
এ সময় টিকিট কালোবাজারির অপরাধে চার ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লালপুরের কাঁঠালবাড়ি এলাকার মো. মাছেম (৪৫), চংধুপইল এলাকার গণেশ দাস (৪৪), গোসাইপুর গ্রামের মিঠুন মণ্ডল (২৮) ও ধনঞ্জয় পাড়ার ফয়সাল আহম্মেদ (২০)।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, যাত্রীরা আবদুলপুর রেলস্টেশন কাউন্টার থেকে ট্রেনের টিকিট পাচ্ছেন না। টিকিট কালোবাজারি হচ্ছে, এমন খবর পেয়ে র্যাব সদস্যরা গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে ওই স্টেশন ও এর আশপাশের দোকানগুলোতে নজরদারি শুরু করেন। একপর্যায়ে স্টেশনের পাশে একটি গুড়ের আড়তে বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত হন র্যাবের সদস্যরা। সেখানে অভিযান চালিয়ে আড়তের টেবিল থেকে ১ লাখ ৪১ হাজার ৭৮০ টাকা মূল্যের ১৯৪টি টিকিট উদ্ধার করে র্যাব। এ সময় আড়তের মালিক পালিয়ে গেলেও টিকিট বিক্রির সঙ্গে যুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুক্রবার তাঁরা আদালতের কাছে টিকিট কালোবাজারির কথা স্বীকার করলে আদালত প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন। পরে তাঁদের লালপুর থানা-পুলিশের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও নজরুল ইসলাম বলেন, টিকিট কালোবাজারি রোধে স্থানীয় প্রশাসন, র্যাব ও পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, এই স্টেশনে ট্রেনের টিকিটের চাহিদা বেশি। তাই কিছু লোক স্টেশন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে টিকিট কালোবাজারির চক্র তৈরি করেছে। ফলে সাধারণ মানুষ কাউন্টারে টিকিট না পেয়ে বেশি দামে দালালদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হন। এই স্টেশনে সাদাপোশাকে পুলিশ ও র্যাবের সদস্যদের নজরদারি বাড়ানো দরকার।