স্টেশনের জায়গা দখল করে আ.লীগের কার্যালয়!
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের রেলওয়ের গুরুত্বপূর্ণ দুটি জায়গা পৌর আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি জায়গার একটিতে দলীয় কার্যালয় নির্মাণ এবং অপরটি বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এ কারণে বন্ধ হয়ে গেছে স্টেশন থেকে যাত্রীদের বেরোনোর পথ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে স্টেশনের পশ্চিম পাশের প্ল্যাটফর্ম-সংলগ্ন রাস্তা বন্ধ করে ৭ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগ ও যুবলীগের কার্যালয় নির্মাণ করেন দলীয় নেতা-কর্মীরা। রাতের আঁধারে ওই কার্যালয় নির্মাণের পাশাপাশি স্টেশন এলাকার ভেতরে থাকা ফাঁকা জায়গায় বেড়া দিয়ে দখল করেন যুবলীগের কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার পাঁচ-ছয় ব্যক্তি জানান, স্টেশন থেকে বের হওয়ার রাস্তা দখল করে কার্যালয় নির্মাণ করায় যাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি রেললাইন ঘেঁষে ঘর তৈরি করায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মতিয়ুর রহমান বলেন, দখলকারীরা অবৈধভাবে কার্যালয় নির্মাণ করেছে। এ জন্য কোনো জায়গা বরাদ্দ নেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম জায়গা দখলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, এ বিষয়ে দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা দাবি করেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।