স্ট্যান্ডার্ড ব্যাংকের পলাতক সেই কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে পলাতক ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। প্রায় নয় মাস পর গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের লাভলী রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই ব্যাংক কর্মকর্তা হলেন বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সিলেটের বিশ্বনাথ শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হোসেন আহমদ। পলাতক অবস্থায় তিনি চাকরিচ্যুত হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালাদিঘিতে।
দুদক সিলেট অঞ্চলের পরিচালক আবুল হাসান বলেন, হোসেন আহমদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতেই সিলেট কোতোয়ালি থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলে পাঠানো হয়েছে।
ব্যাংক সূত্র জানায়, হোসেন আহমদ স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত থাকার সময় ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে পর্যন্ত আলী হোসেন নামের একজন গ্রাহকের ১৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে তা ব্যাংকে জমা দেননি। বিষয়টি জানাজানি হলে ২০১৫ সালের জুনে তিনি পালিয়ে যান। ব্যাংক কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে বিষয়টির সত্যতা পাওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর গত বছরের ৯ জুলাই স্ট্যান্ডার্ড ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার ভাইস প্রেসিডেন্ট পারভেজ আহমদ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় দুদক সিলেট আঞ্চলিক কার্যালয়। প্রাথমিক তদন্তে দুদকের কর্মকর্তারা জানতে পারেন, শুধু একজন গ্রাহকের ১৬ লাখ ৫০ হাজার টাকা নয়, আরও কয়েকজন গ্রাহকের ১ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করে পালান হোসেন আহমদ। মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নগরের লাভলী রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
দুদকের পরিচালক বলেন, ঘটনাটি অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো। তদন্তে ১৬ লাখ ৫০ হাজার টাকার স্থলে ১ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ এবং ঘটনার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হোসেন আহমদকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।