স্তব্ধ উত্তর শিয়ালকাঠির মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবদুস সালামের ওপর নির্মমতায় স্তব্ধ হয়ে গেছেন তাঁর জন্মস্থান পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি গ্রামের মানুষ। তিনি পরিবার নিয়ে থাকতেন উপজেলা সদরে। প্রতিদিন ছুটে আসতেন নিজের গ্রামে। এই গ্রামে তাঁর মৃত বাবার নামে প্রতিষ্ঠা করেছিলেন আবদুর রহমান কিন্ডারগার্টেন। গরিব শিশুদের বিনা বেতনে পড়া, বইপত্র, পোশাক কিনে দেওয়া এমনকি ছুটির সময় টিফিন কিনে খাওয়াতেন। প্রতিষ্ঠানটি এখন বন্ধ।
বিদ্যালয়ের শিক্ষক সোনিয়া আক্তার বললেন, ‘এমন একজন খুব ভালো মানুষের প্রতি যারা এমন আচরণ করেছে, সেটা বর্বরতা ছাড়া কিছু না। আমরাও এ জন্য লজ্জিত। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
উত্তর শিয়ালকাঠি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম। এই গ্রামে গত সোমবার দুপুরে তাঁর এক সহকর্মীকে কিছু টাকা দিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন আবদুস ছালাম।
গতকাল বিকেলে ওই বাড়িতে গিয়ে শিক্ষিকাকে পাওয়া যায়নি। তাঁর মা জানান, সন্ত্রাসীদের হুমকিতে তাঁর মেয়ে বুধবার সকালেই এক আত্মীয়র বাড়িতে চলে গেছেন। গ্রামের বেশ কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথা বলতে চাইলে তাঁরা কেউই কথা বলতে রাজি হননি।
পরে মুঠোফোনে ওই শিক্ষিকা বলেন, ‘মামা (আবদুস সালাম) আমাকে আড়াই হাজার টাকা দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। বাড়িতে ঢোকার আগেই তাঁর সঙ্গে দেখা হয়ে যায়। তিনি আমার হাতে টাকা দেন। বিষয়টি দেখেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম। তিনি কাছে এসে জানতে চান, “এই লোকটা কে? এই লোক এখানে তোকে ডেকে এনেছে কেন?” বলেই মামাকে কিল-ঘুষি-লাথি মারা শুরু করেন। সেখানে তাঁর আরও কয়েকজন সহযোগী জড়ো হয়। আমি শাহ আলমকে নিবৃত্ত করার চেষ্টা করি। আমাকে ফেলে দিয়ে মামাকে মারতে থাকেন। মামা ডাকচিৎকার করে বলছিলেন, “মা, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে।” আমি দিশেহারা হয়ে আমার ছোট ভাইকে ফোন করে আসতে বলি। কিছুক্ষণ পর আমার ভাই আসে। এরপর মামাকে ওরা ধরে নিয়ে যায় আমতলা বাজারে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের কাছে। সেখানে আমরা দুই ভাইবোন যাই। সেখানে নিয়ে বাজারের মোবাইল টাওয়ারের নিচে দাঁড় করিয়ে ইউপি সদস্য লাঠি দিয়ে প্রকাশ্যে পেটান তাঁকে। আমরা মেম্বারকে বোঝানোর চেষ্টা করলে তিনি আমাদের ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরদিন খবর পাই মামা মারা গেছেন।’
ওই শিক্ষিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এ দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়, তখন একজন মুক্তিযোদ্ধাকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়! এটা কেমন বিচার। আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই।’
আমতলা বাজারে এসে লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাঁরা কেউই মুখ খোলেননি।
এলাকায় আলোচনা আছে যুবলীগ নেতা শাহ আলম ও মোস্তাফিজুর রহমান সাতুরিয়া ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ঘনিষ্ঠজন। জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, ‘মোস্তাফিজুর রহমান ইউপি সদস্য ও দলীয় লোক এবং শাহ আলমও দলের লোক। এ জন্য আমার সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। তাই বলে আমি তাদের দিয়ে অপকর্ম করি এমন কথা কেউ বলতে পারবে না।’
এদিকে আবদুস সালামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল রাজাপুর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
আবদুস সালাম হত্যার ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসনের করা তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান বলেন, ‘আমি গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পারিপার্শ্বিক অবস্থা দেখে এসেছি। আগামী ২-৪ দিনের মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে এ ঘটনা সম্পর্কে এলাকাবাসীর সাক্ষ্য নেব।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে এখনো শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা যায়নি।