স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
কক্সবাজারের রামু উপজেলায় গতকাল সোমবার বিকেলে গৃহবধূ তাহমিনা কবির জাকি (২২) ও তাঁর গৃহকর্মী খুরশিদাকে (১০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাহমিনার স্বামী মো. রিদুয়ানকে আটক করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসাইন জানান, দাম্পত্য কলহের জের ধরে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া গ্রামের নুরুল কবিরের মেয়ে তাহমিনা। তিন বছর আগে একই গ্রামের রিদুয়ানের সঙ্গে তাঁর বিয়ে হয়। রোয়াদা নামে তাঁদের দুই বছরের একটি মেয়ে রয়েছে। আর খুরশিদা স্থানীয় সিরাজ উল্লাহর মেয়ে।
ওসি (তদন্ত) আনোয়ার হোসাইন বলেন, রিদুয়ান পুলিশের কাছে স্বীকার করেছেন, গতকাল সকালে বাড়িতে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর তিনি বাজারে চলে যান। বিকেলে ফিরে দেখেন, তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় গৃহকর্মী খুরশিদাকেও তিনি একইভাবে হত্যা করেন।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।