স্ত্রী ও পুত্রসহ ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পৌনে চার কোটি টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে চট্টগ্রামের ব্যবসায়ী সেলিম আহমেদ এবং তাঁর স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে তিনটি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী সপ্তাহে মামলাগুলো হতে পারে বলে জানালেন দুদকের উপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
ব্যবসায়ী সেলিম আহমেদ সুপার রিফাইনারী (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর স্ত্রী লুৎফুন্নেছা আহমেদ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ছেলে সাজির আহমেদ প্রতিষ্ঠানটির পরিচালক।
দুদক সূত্র জানায়, আসামিরা গত ২০০৭-২০০৮ থেকে ২০০৯-২০১০ তিন অর্থবছরে ৬২ লাখ ৫৭ হাজার ৭৪ লিটার পেট্রোলিয়াম কনডেনসেট (অপরিশোধিত তেল) থেকে উৎপাদিত পেট্রোলিয়ামজাত পণ্যের ওপর প্রযোজ্য ভ্যাট ফাঁকি দিয়েছেন। তিন অর্থবছরে এর পরিমাণ ৩ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৫৭৫ টাকা। অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম।
অনুসন্ধান শেষে মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়। দুটি মামলায় সেলিম আহমেদ ও তাঁর স্ত্রী লুৎফুন্নেসাকে এবং একটি মামলায় এ দুজনের সঙ্গে তাঁদের ছেলে সাজির আহমেদকে আসামি করা হচ্ছে।

পাল সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা: ট্রাস্টের জমি বিক্রি ও লিজের অর্থ ভুয়া বিল-ভাউচারে আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর রায়ের বাজার পাল সমিতি ট্রাস্টি বোর্ডের সভাপতি বিশ্বনাথ পাল ও সাধারণ সম্পাদক সুরেখন কুমার পালের বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশনের সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়।
সমিতির ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ট্রাস্টের জমি বিক্রি ও লিজের ২ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করে বলেন, যেকোনো সময় দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক আব্দুছ ছাত্তার সরকার মামলাটি করবেন।
দুদক সূত্র জানায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে রায়ের বাজার পাল সমিতি ট্রাস্টি বোর্ডের জমি বিক্রি ও লিজের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক আব্দুছ ছাত্তার। কয়েক দফায় তলবি নোটিশ পাঠিয়ে ৬৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার সুপারিশসহ প্রতিবেদন জমা দেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে কমিশন মামলার অনুমোদন দেয়।