স্ত্রী ও শাশুড়িকে হত্যা করল যুবক!
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল শুক্রবার রাতে এক যুবক তাঁর স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ প্রাথমিকভাবে তদন্ত করে প্রথম আলোকে বলেন, কাঁচপুর ইউনিয়নের উত্তর কাঁচপুর গ্রামের খায়রুল বাশারের বাড়ির ভাড়াটে কাঁচপুর বিসিক শিল্পনগরীর মার্করী ফ্যাশন লিমিটেডের কর্মচারী কাউসার মিয়া (২৫) তাঁর স্ত্রী শারমিন আক্তার লাভলীকে (২০) নিয়ে চার মাস আগে ওই বাড়িতে বসবাস শুরু করেন। গতকাল দুপুরে কাউসার মিয়ার শাশুড়ি রাশিদা বেগম (৫৫) ছেলে ইমদাদুল হককে (১৭) নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের খাবার শেষে ইমদাদুল হক বাসা থেকে বের হয়ে কাঁচপুরে বেড়াতে যায়। এ সময় কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ঝগড়ার একপর্যায়ে রাশিদা বেগম মেয়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় সন্ধ্যা ছয়টার দিকে কাউসার ঘরের দরজা-জানালা বন্ধ করে প্রথমে লাভলীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। মেয়েকে কোপাতে দেখে রাশিদা বেগম প্রতিরোধের চেষ্টা করলে কাউসার তাঁকেও (শাশুড়ি) কোপানো শুরু করেন। একপর্যায়ে এলোপাতাড়ি কোপে মা-মেয়ে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুজনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘরের দরজা খুলে পালানোর সময় এলাকাবাসী কাউসার মিয়াকে ঘরের ভেতরে আটক করে থানা-পুলিশকে খবর দেন। রাত সাড়ে নয়টায় পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কাউসার মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
নিহত লাভলীর ছোট ভাই ইমদাদুল হক বলে, ‘পাঁচ বছর আগে আমার বোনের বিয়ে হয়। আমার বোনও কাঁচপুরের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করত। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
আটক থাকা অবস্থায় স্থানীয় সাংবাদিকদের কাছে নিজের স্ত্রী ও শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেন কাউসার মিয়া। তাঁর ভাষ্য, ‘আমার স্ত্রীর কিছু কাজকর্মের প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে জেদ করে প্রথমে তাকে, পরে প্রতিবাদ করায় তার মাকে হত্যা করি।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউসার মিয়া ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।