স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যা
পারিবারিক কলহের জেরে দিনাজপুরের সদর উপজেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে ছুরি দিয়ে হত্যা করেছেন। গতকাল রোববার রাত ১২টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেন (৩০) নামের ওই ব্যক্তি ঝগড়ার একপর্যায়ে তাঁর স্ত্রী বকুল আরা বেগম (২৪) ও শিশুপুত্র বিনয় আল দ্বীনকে (৪) ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছেন। এ ঘটনায় গ্রামবাসী সোহরাবকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোহরাব হোসেন তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। গত রাত ১২টার দিকে বাড়িতে নিজ শোয়ার ঘরে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহরাব ক্ষিপ্ত হয়ে প্রথমে তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর বিছানায় ঘুমিয়ে থাকা শিশুপুত্রকেও একইভাবে হত্যা করেন। গভীর রাতে ঘরে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সোহরাব পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা তাঁকে আটক করে রাখে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সোহরাব হোসেনকে আটক করা হয়েছে। রাতেই মা-ছেলের মরদেহ থানায় নিয়ে আসা হয়। আজ সোমবার বেলা ১১টায় মা-ছেলের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় সোহরাবের শ্বশুর মো. আক্কাস আলী বাদী হয়ে মেয়ে ও নাতিকে হত্যার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।