স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে নবজাতককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গত সোমবার বিকেলে মৃত ছেলেসন্তান প্রসব করেন সুমি আকতার (২০) নামের এক গৃহবধূ। তবে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে নবজাতককে কৌশলে হত্যার অভিযোগ উঠেছে। নবজাতকের বাবার ওই অভিযোগের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাদাই গ্রামের জিয়ারুল প্রামাণিকের মেয়ে সুমির সঙ্গে প্রায় দুই বছর আগে পাশের নিত্তিপোতা গ্রামের নাদু মণ্ডলের ছেলে ফারুক হোসেনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলতে থাকে। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হন সুমি। একপর্যায়ে গত ২ ফেব্রুয়ারি স্বামীর নির্যাতন সইতে না পেরে সুমি শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। সেখানেই সোমবার দুপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা সুমির প্রসবব্যথা ওঠে। এ সময় নিত্তিপোতা গ্রামের আবদুল ছালাম নামের এক গ্রাম্য চিকিৎসকের চিকিৎসার মাধ্যমে ওই দিন বেলা তিনটার দিকে সুমির মৃত ছেলেসন্তান হয়। এ ঘটনায় নবজাতকের বাবা ফারুক সোমবার রাত আটটার দিকে তাঁর স্ত্রী সুমি, শ্বশুর-শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। ওই লিখিত অভিযোগের ভিত্তিতে রাত ১১টার দিকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফারুক বলেন, ‘২ ফেব্রুয়ারি আমার সঙ্গে অভিমান করে বাবার বাড়িতে যায় সুমি। এরপর আর যোগাযোগ হয়নি। সোমবার দুপুরের দিকে সুমি মৃত সন্তান প্রসব করেছে বলে আমাকে অন্য লোকের মাধ্যমে জানানো হয়। আমার ধারণা, পারিবারিক পূর্ববিরোধের জের ও ক্ষোভ থেকেই সুমি ও তার বাবা-মা আমার সন্তানকে কৌশলে হত্যা করেছেন।’
তবে সুমি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সংসারের অভাব-অনটনের বিষয় নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন স্বামী। ২ ফেব্রুয়ারি নির্যাতনের একপর্যায়ে আমার পেটে লাথি মারেন তিনি। এতে অসুস্থ হয়ে ওই দিন সন্ধ্যায় বাবার বাড়িতে চলে আসি। সোমবার বিকেলে আমি মৃত সন্তান প্রসব করি। এখন মনে হয়, স্বামীর সেই লাথির আঘাতে আমার গর্ভের সন্তান মারা গেছে। স্বামী নিজের অপরাধ ঢাকার জন্য আমাকে ও আমার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।’
পল্লি চিকিৎসক ছালাম বলেন, ‘সুমির শরীরে একটি ইনজেকশন পুশ করার পরই সন্তান প্রসব করেছেন। কিন্তু সন্তান প্রসবের সময় আমি ঘরের বাইরে ছিলাম। তবে প্রসূতিকে সঠিক চিকিৎসা দিয়েই সন্তান প্রসব করানো হয়েছে। নবজাতক কেন মারা গেছে, তা আমি বলতে পারছি না।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই মোত্তালেব বলেন, নবজাতক হত্যার অভিযোগ পেয়ে সোমবার রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।