স্ত্রী ও সন্তানকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রী ও ১০ মাস বয়সী ছেলেকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার গুপটি ইউনিয়নের আদসা হাজিবাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফাতেমা বেগম (২৩) ও ছেলে পরাগের লাশ গতকাল রোববার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা গতকাল বেলা তিনটার দিকে অভিযুক্ত রাসেলের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন আহমেদের বিবরণ অনুযায়ী, গত শনিবার দিবাগত রাত আনুমানিক একটায় রাসেল স্ত্রী ও সন্তানকে ঘরের ভেতর আগুনে পুড়িয়ে হত্যা করেন। পরে লাশ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন গতকাল সকালে পুকুরে মা-ছেলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বেলা একটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি। এর মধ্যে ক্ষুব্ধ জনতা রাসেলের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ও কনস্টেবল শাহ্জাহান আহত হন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে পুলিশ সরে যায়। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে বিকেল পাঁচটার দিকে লাশ উদ্ধার করে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফাতেমার বাবা লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা আবদুল গফুর বলেন, ‘রাসেল ও তাঁর বোন রুবি মিলে আমার মেয়ে ও নাতিকে হত্যা করেছে। এর আগে বিভিন্ন সময় রাসেল যৌতুক হিসেবে আমার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। আরও টাকা চেয়ে না পেয়ে রাসেল ও রুবি এ ঘটনা ঘটান।’
এ ঘটনায় হত্যা মামলা করবেন বলে জানান আবদুল গফুর।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই ঘটনার বিষয়ে বলেন, চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ আসার পর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা ঘটনাস্থলে পেঁৗছে স্থানীয়দের শান্ত করি। দুটি লাশই আগুনে পোড়া।’