স্ত্রী ও সন্তানের সামনে কৃষককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক কৃষককে তাঁর স্ত্রী ও সন্তানের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার জামজামি ইউনিয়নের বেগোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আজিজুল ইসলাম (৩৪)। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গতকাল রোববার থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে আজিজুল সপরিবারে নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন। রাত একটার দিকে একদল দুর্বৃত্ত তাঁকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর বাড়ির উঠানেই এলোপাতাড়ি কোপায়। আজিজুলের স্ত্রী ও সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় আজিজুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে আলমডাঙ্গার হাউসপুর এলাকায় তিনি মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
আজিজুলের বড় ভাই ইসলাম উদ্দিন বলেন, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুরের এক আদম ব্যাপারীর সঙ্গে বিদেশে লোক পাঠানো নিয়ে আজিজুলের বিরোধ চলছিল।
এ ছাড়া গ্রামের এক যুবকের সঙ্গে এক মাস আগে মারামারি হয়; যা মামলা পর্যন্ত গড়ায়। এসব বিরোধের কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা এই খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ উদ্ধার: ঝালকাঠি সংবাদদাতা জানান, রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের একটি খাল থেকে গতকাল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির নাম ফারজানা আক্তার। সে বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
শনিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল দুপুরে পুলিশ স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে লাশ উদ্ধার করে। মেয়েটির মা-বাবা ঢাকায় থাকেন। বাবা রিকশাচালক। বড় চাচার বাড়িতে থাকত ফারজানা।
রাজাপুর থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, লাশের মুখমণ্ডলে রক্তের দাগ দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।