স্ত্রী খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার সাভারে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সাভার পৌর এলাকার শাহীবাগে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত গৃহবধূর নাম স্বর্ণালি আক্তার (২৭)। তিনি আশুলিয়ার বাইতগাঁও গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। স্বর্ণালির স্বামীর নাম আকবর হোসেন।

পুলিশ জানিয়েছে, নয় বছর আগে আকবরের সঙ্গে স্বর্ণালির বিয়ে হয়। তাঁদের সাত বছরের এক মেয়ে রয়েছে। তাঁরা থাকতেন শাহীবাগের একটি বাসায়। ওই বাসায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।

নিহতের মা কুলসুম বেগমের বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ কারণে কয়েক দিন আগে কুলসুম বেগম মেয়ের বাসায় আসেন। শনিবার বেলা ১১টার দিকে কুলসুমকে ঘর থেকে বের করে দিয়ে আকবর দরজা লাগিয়ে দেন। এ সময় ওই ঘরে স্বর্ণালি ছাড়াও ছিলেন আকবর ও তাঁর মা। কুলসুমকে ঘর থেকে বের করে দেওয়ার কয়েক মিনিট পর মাকে নিয়ে আকবর বাড়ি থেকে বের হয়ে যান। এরপরই ঘরে ঢুকে স্বর্ণালিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন কুলসুম। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা স্বর্ণালিকে মৃত ঘোষণা করেন।

এসআই আবুল কাশেম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শনিবার রাতেই স্বর্ণালির চাচা সাইফুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আকবরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।