স্ত্রী খুনের মামলায় ২২ বছর ধরে পলাতক আনোয়ার গ্রেপ্তার
পারিবারিক কলহের জেরে স্ত্রী আলতা বেগমকে হত্যা করেন আনোয়ার হোসেন। এরপর নাম পরিচয় গোপন করে ঢাকায় আত্মগোপন করেছিলেন ২২ বছর। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর খিলক্ষেত বড়ুয়া বাজার এলাকা থেকে স্ত্রী খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, স্ত্রীকে হত্যা করে ২২ বছর ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন আনোয়ার। ২০০৫ সালে হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়।
২০০০ সালে দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকায় আনোয়ার হোসেনের স্ত্রী নিহত হন। এ ঘটনায় তাঁকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়। মামলা বিচারাধীন অবস্থায় ৫ বছর ও রায় ঘোষণার পর ১৭ বছর পালিয়ে ছিলেন তিনি।
পরিচয় গোপন করে তিনি ঢাকায় চাকরি করতেন জানিয়ে এটিইউর পুলিশ সুপার আসলাম খান প্রথম আলোকে বলেন, আনোয়ারকে গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।