স্ত্রী নিউইয়র্কে নিখোঁজ স্বামীর রহস্যময় আচরণ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাহফুজা রহমান (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির খোঁজ মিলছে না গত বছরের ডিসেম্বর থেকে। এ নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। নিউইয়র্ক পুলিশ ‘অপরাধমূলক ঘটনা’ সন্দেহে তদন্ত শুরু করেছে।
স্ত্রী নিখোঁজ অবস্থায় ১৬ ডিসেম্বর মেয়ে জইরিয়াকে সঙ্গে নিয়ে দেশে ফিরে এসেছেন মাহফুজার স্বামী মোহাম্মদ চৌধুরী ওরফে মেজবাউল হক খান। মেয়েকে দেশে রেখে শিগগিরই মাহফুজাকে খুঁজতে তিনি নিউইয়র্কে ফিরে যাবেন, মাহফুজার পরিবারকে এমন কথা জানালেও এখনো তিনি দেশেই রয়ে গেছেন।
নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত মাহফুজা ৮ ডিসেম্বর থেকে কাজে অনুপস্থিত। ব্রঙ্কসে বসবাসকারী মাহফুজার সন্ধানে কর্মস্থল থেকে খোঁজ নেওয়া হয়। তাঁর স্বামী মোহাম্মদ চৌধুরী তখন জানান, নিকটাত্মীয় দুর্ঘটনায় পড়ায় মাহফুজাকে বাংলাদেশে যেতে হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে তিনি নিউইয়র্কে ফিরে আসবেন। দীর্ঘ তিন মাস পরও মাহফুজা কর্মস্থলে ফেরেননি। ই-মেইল বা ফোনেও কর্মস্থলে যোগাযোগ করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ বাসায় ক্রমাগত ফোন করলেও কেউ ফোন ধরেনি। তখন কর্মস্থল থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।
গত সোমবার পুলিশ ব্রঙ্কসে মাহফুজার বাসায় গিয়ে তল্লাশি চালায়। প্রতিবেশীরা জানিয়েছেন, তিন মাস ধরে বাসাটি তালাবদ্ধ। পুলিশ ঘর তল্লাশি করেছে, বাড়ির আঙিনা খোঁড়াখুঁড়ি করেছে। আশপাশে অন্য কোনো বাংলাদেশি না থাকায় কেউ এই দম্পতি সম্পর্কে তেমন তথ্য দিতে পারেনি। নিউইয়র্ক পুলিশ ওই বাসায় সার্বক্ষণিক পাহারা বসিয়েছে। নিউইয়র্ক বা বাংলাদেশে মাহফুজা দম্পতির আত্মীয়স্বজনের সন্ধান করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, মাহফুজার পরিবার জানিয়েছে, নিউইয়র্কে মোহাম্মদ চৌধুরী হিসেবে পরিচয় দিলেও মাহফুজার স্বামীর আসল নাম মেজবাউল হক খান। মাহফুজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে স্নাতক প্রথম বর্ষে পড়ার সময় ২০০৫ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় মেজবাউলের। ২০০৯ সালে মাহফুজা তাঁর মেয়েকে নিয়ে আমেরিকায় স্বামীর কাছে চলে যান। সেখানে চার বছর নার্সিংয়ের ওপর পড়াশোনা করে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে নার্স হিসেবে চাকরি শুরু করেন তিনি। মেজবাউলের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে। আর মাহফুজার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাষিড়ী গ্রামে।
মাহফুজার বাবা মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, মাহফুজা নিখোঁজ হওয়ার তিন দিন পর মেজবাউল তাঁদের বিষয়টি জানিয়েছিলেন। মেজবাউল বলেছেন, কাজ করতে গিয়ে মাহফুজা আর ফেরেননি। এরপর মেয়েকে একা রেখে মাহফুজার খোঁজে কোথাও যেতে পারেন না, এমন দাবি করে দেশে ফিরে আসেন মেজবাউল। শিগগিরই আবারও নিউইয়র্কে ফিরে গিয়ে মাহফুজাকে খুঁজে বের করবেন বলে কথা দিয়েছিলেন তিনি। কিন্তু দুই মাসের বেশি সময় পার হলেও তিনি এখনো দেশে রয়ে গেছেন।
গতকাল মেজবাউলের মুঠোফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর মা শিরিন আফরোজের সঙ্গে কথা বললে মেজবাউল বাড়ির বাইরে বলে তিনি দাবি করেন। শিরিন বলেন, ‘ও (মেজবাউল) আমাকেও কিছু বলেনি। আমিও কিছু জিজ্ঞেস করিনি।’
মাহফুজার পরিবার জানিয়েছে, তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।