স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী নির্যাতনের অভিযোগে হওয়া মামলায় গতকাল রোববার রাতে ঝালকাঠি সদর উপজেলার মুরাসাতা গ্রাম থেকে ফয়সাল শরীফ (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফয়সাল বরিশালের বাবুগঞ্জ থানায় কর্মরত।

মামলার এজাহার ও ফয়সালের স্ত্রী নূপুর আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে ফয়সালের সঙ্গে বরিশালের বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের মৃত লতিফ খানের মেয়ে নূপুর আক্তারের বিয়ে হয়। বিয়ের পর নূপুরের পরিবার ফয়সালকে দুই লাখ টাকা যৌতুক দেয়। কয়েক মাস আগে নূপুরকে বাবার বাড়ি থেকে আরও পাঁচ লাখ টাকা এনে দিতে বলেন ফয়সাল। নূপুর তা আনতে অস্বীকৃতি জানালে ফয়সাল তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। আবার এদিকে ফয়সালের একটি সম্পর্ক হয়। এ নিয়ে ৮ জুন সকালে ফয়সালের সঙ্গে নূপুরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল নূপুরকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এতে নূপুর অচেতন হয়ে পড়েন। চেতনা ফেরার পর তাঁকে চিকিৎসা না করিয়ে ঘরের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে নূপুর কৌশলে সেখান থেকে পালিয়ে বাবার বাড়ি বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের চলে যান। এরপর তাঁকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রোববার বিকেলে নূপুর আক্তার বাদী হয়ে স্বামী ফয়সালসহ তিনজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম প্রথম আলোকে বলেন, ফয়সালকে কারাগারে পাঠানো হয়েছে।