স্ত্রী বটে!
গোপালগঞ্জে মাদকের মামলায় কারাগারে থাকা ইমরুল সিকদার নামের এক আসামিকে গাঁজা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইমরুলের স্ত্রী শান্তা আক্তারের (২৬) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা গ্রামের ইমরুল সিকদার একটি মাদক মামলায় বর্তমানে ওই কারাগারে রয়েছেন।
গোপালগঞ্জের জেলার আবু সায়েদ প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে ইমরুলের স্ত্রী শান্তা আক্তার কারারুদ্ধ স্বামীর সঙ্গে দেখা করতে কারা ফটকে আসেন। এ সময় কারারক্ষীরা তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে তাঁকে সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ডেপুটি জেলার আক্তার হোসেন বাদী হয়ে শান্তা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তাঁকে আগামীকাল মঙ্গলবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তোলা হবে।