স্ত্রী মৃত, স্বামী অজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাড়ি থেকে আজ সোমবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ি থেকে তাঁর স্বামীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওই গৃহবধূর নাম শাহেদা বেগম (৩৭)। তাঁর স্বামী আবদুল আজিজ (৪২)। তাঁরা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে থাকতেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশের দাবি, দাম্পত্য কলহের জের ধরে একপর্যায়ে উভয়ে ধারালো অস্ত্র দিয়ে পরস্পরকে আঘাত করার পর স্ত্রী মারা যান এবং স্বামী জ্ঞান হারান।
আজিজ ও শাহেদার প্রতিবেশীদের বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, আজ সকালে ঘরের দরজা বন্ধ করে ওই দম্পতি ঝগড়া করছিলেন। একপর্যায়ে তাঁদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শাহেদাকে মৃত ও আজিজকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দাম্পত্য কলহের সময় আজিজ ও শাহেদা একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে থাকতে পারেন বলে প্রতিবেশীরা ধারণা করছেন।
শ্রীমঙ্গল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, শাহেদার শরীরের বিভিন্ন স্থানে কাঁচির আঘাতের চিহ্ন রয়েছে। একই ধরনের আঘাতের চিহ্ন আজিজের শরীরেও রয়েছে। আজিজ নিজেই নিজেকে আঘাত করেছেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।
আজিজকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে শাহেদার লাশ রাখা হয়েছে।
স্ত্রীকে মৃত, স্বামী অজ্ঞান অবস্থায় উদ্ধার