স্ত্রী-সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলায় গৃহবধূ নাজমা বেগম (৩০) ও তাঁর ছয় মাস বয়সী শিশুকন্যা শামীমা খাতুনকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমার স্বামী ছামিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছামিউল পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানিয়েছে, ছামিউল ইসলামের তৃতীয় স্ত্রী হলেন নাজমা বেগম।
এ ঘটনায় নিহত নাজমার ভাই শাহাদত হোসেন গতকাল সন্ধ্যায় বাদী হয়ে ছামিউলকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।