স্ত্রী-সন্তানকে মারধরের পর কৃষকের আত্মহত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানকে মারধরের পর ছবির শেখ (৫৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। গত রোববার মোনছের খার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাত ১২টার দিকে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
ছবির শেখের পরিবার ও এলাকাবাসী জানান, দেনাদারদের চাপ ও সাংসারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ছবির শেখের কলহ হতো। রোববার সকালে এসব নিয়ে কলহের একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। মাকে রক্ষা করতে ছোট মেয়ে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বড় ছেলে এলে ছবির শেখ তাঁকে ধাওয়া দেন। পরে প্রতিবেশীরা তাঁকে শান্ত করেন। ওই দিন সন্ধ্যায় তিনি পাউরুটির সঙ্গে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলেন। টের পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে রাত আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে তিনি মারা যান।
প্রতিবেশী রুস্তম খাঁ, ইলিয়াস হোসেন, আবুল শেখ, রুবেল শেখসহ কয়েকজন বলেন, ছবির শেখের চার সন্তান। প্রায় তিন বছর আগে এক মেয়েকে বিয়ে দেওয়ার সময় তাঁর কিছু দেনা হয়। সম্প্রতি আরও কিছু টাকা ধার করে তিনি একটি কলের লাঙল (পাওয়ার টিলার) কেনেন। ছবির শেখ রাগী ছিলেন। মাঝেমধ্যেই এসব বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করতেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল হাসান জানান, অতিমাত্রায় বিষ পান করায় ওই ব্যক্তি দ্রুত নিস্তেজ হয়ে পড়েন। অবস্থা খারাপ দেখে তাঁকে ফরিদপুরে স্থানান্তর করা হয়।