স্ত্রী-সন্তানকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে শীতেন্দ্রনাথ (৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে গত বুধবার গ্রেপ্তার হওয়া শীতেন্দ্র স্ত্রী জয়ন্তী রানী (৩২) ও ছেলে নারায়ণ চন্দ্রকে (১) হত্যা করার কথা স্বীকার করেছেন।
শীতেন্দ্র পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠকর্মী হিসেবে তেঁতুলিয়া উপজেলায় কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার অমরখানা-সাড়ে নয়মাইল এলাকায় গত ২৩ জানুয়ারি রাতে একটি মোটরসাইকেলসহ জয়ন্তী ও নারায়ণের লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় মৃতদেহের একটু দূরে শীতেন্দ্রকেও পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ দুটি উদ্ধার করে ও শীতেন্দ্রকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি সন্দেহ হলে জয়ন্তীর ছোট ভাই পরিমল চন্দ্র ৯ ফেব্রুয়ারি শীতেন্দ্র, দ্বিতীয় স্ত্রী পলি রানী ও ভগ্নিপতি উমেশ চন্দ্রকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৯ ফেব্রুয়ারি সদর থানা-পুলিশকে নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দেন। পুলিশ তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি পরিষ্কার হলে গত বুধবার রাতে শীতেন্দ্রকে গ্রেপ্তার করে। পরে শীতেন্দ্রনাথের তথ্যমতে, ওই দিন রাতেই হত্যাকাণ্ডে অংশ নেওয়া আবদুর রাজ্জাক ও রয়েল রানা নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়েনের তেলীপাড়া এলাকার নবকুমার রায়ের মেয়ে জয়ন্তীর সঙ্গে বোদার বেংহারি ইউনিয়নের পুঁটিমারী এলাকার শীতেন্দ্রনাথের বিয়ে হয়। শীতেন্দ্র যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন জয়ন্তীকে। জয়ন্তীকে বিয়ের মাত্র তিন মাসের মাথায় লালমনিরহাটের পলি রানী নামের আরও এক মেয়েকে বিয়ে করেন শীতেন্দ্র। এতে পারিবারিক কলহ বেড়ে গেলে জয়ন্তীকে বাড়ি থেকে বের করে দেন শীতেন্দ্র। জয়ন্তী বাবার বাড়িতে এসে শীতেন্দ্রনাথের নামে নারী নির্যাতন মামলা করেন। দুই পক্ষের সমঝোতায় মামলাটি তুলে নেন জয়ন্তী। পরে তেঁতুলিয়া শহরে একটি ভাড়া বাসায় শিশুপুত্র নারায়ণকে নিয়ে সংসার করতে থাকেন ওই দম্পতি। গত ২৩ জানুয়ারি রাতে বাবার বাড়িতে নিয়ে আসার কথা বলে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে রওনা দেন শীতেন্দ্র। ভাড়া করা লোক দিয়ে পথে স্ত্রী ও সন্তানকে হত্যা করে তা সড়ক দুর্ঘটনার নাটক সাজান শীতেন্দ্র।
সদর থানার ওসি রবিউল হাসান সরকার বলেন, ‘শীতেন্দ্রকে গ্রেপ্তারের পর তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে অংশ নেওয়া রয়েল ও রাজ্জাককে গ্রেপ্তার করি। গ্রেপ্তার ওই দুজনকে শীতেন্দ্র তাঁর স্ত্রী-সন্তানকে হত্যার জন্য ২০ হাজার করে ৪০ হাজার টাকা দেন বলে তাঁরা স্বীকার করেছেন।