স্ত্রী-সন্তানকে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় নাজমা বেগম (৩০) নামের একজন গৃহবধূ ও তাঁর ছয় মাস বয়সী শিশু কন্যা শামীমা খাতুনকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমার স্বামী ছামিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাজমা ছামিউল ইসলামের তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ঢাকায় পোশাকশ্রমিকের চাকরি করেন। দ্বিতীয় স্ত্রী একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাবার বাড়িতে থাকেন। প্রায় ১২ বছর আগে খামার বল্লমঝাড় গ্রামের ছামিউলের সঙ্গে সাদুল্লাপুর উপজেলার টিকলি গ্রামের খলিলুর রহমানের মেয়ে নাজমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে ছামিউলের সঙ্গে নাজমার দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে গতকাল বুধবার রাতে তাঁদের ঝগড়া হয়। আজ সকালে ঘরের দরজা বন্ধ দেখে আশপাশের লোকজন তাঁদের ডাকাডাকি করে। এতে সাড়া না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, মেঝেতে মা নাজমা ও শিশু সন্তান শামীমার লাশ পড়ে আছে। পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ছামিউল। এ সময় বিছানায় লেপের নিচে লুকিয়ে ছিল ছামিউলের ছেলে নাজমুল (১১)। পরে স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছামিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছামিউল ও নিহত নাজমার ছেলে নাজমুল পুলিশকে জানায়, ‘বাবা আমার মা ও বোনকে গলা টিপে ধরে মেরে ফেলেছে। আমি দেখেছি। কিন্তু ভয়ে লুকিয়ে ছিলাম। যদি আমাকে মেরে ফেলে।’

এই ঘটনায় নিহত নাজমার ভাই শাহাদত হোসেন বাদী হয়ে ছামিউলকে প্রধান আসামি ও আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে আজ সন্ধ্যায় সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

শাহাদত হোসেন বলেন, ‘যৌতুকের জন্য প্রায়ই আমার বোনকে ছামিউল নির্যাতন করতেন। তিনি আমার বোনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর তিনি নিজের দুই হাত নিজেই বেঁধে রেখেছিলেন। যা আমার ভাগনে দেখেছে। আমি এই হত্যার বিচার চাই।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদি হাসান মোবাইল ফোনে বলেন, অভিযুক্ত ছামিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছামিউল পারিবারিক কলহের কারণেই স্ত্রী ও সন্তানকে গলাটিপে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও যারা জড়িত আছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।