স্ত্রী-সন্তানকে হত্যার মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে করা মামলায় অসীম শীল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামে তাঁর বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার সকালে বোয়ালখালীর দক্ষিণ সারোয়ারতলী এলাকার শীলপাড়ার অসীম শীলের ঘর থেকে তাঁর স্ত্রী শেলী শীল ও পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের মধ্যে খাটের ওপর ছিল অন্তরার লাশ। আর ফ্যানের সঙ্গে ঝুলছিল শেলীর লাশ। এ ঘটনায় শেলীর মা মিনতী রানী শীল বাদী হয়ে ওই রাতেই শেলীর স্বামী, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রাতেই শেলীর শাশুড়ি সবিতা রানী শীলকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক আসামি শেলীর মামা শ্বশুর সুকুমার শীলকে গতকাল বুধবার দুপুরে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অসীম ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে চন্দনাইশের বৈলতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। ঘটনার দিন শিশুটিকে খুন করা হয়েছে নিশ্চিত হলেও শেলী খুন হয়েছেন, নাকি আত্মহত্যা করেছেন, তা এখনো তদন্ত করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।