স্ত্রী-সন্তানসহ সাবেক কাউন্সিলর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের এক সাবেক কাউন্সিলর ও তাঁর স্ত্রী-সন্তানসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরের রাজপাড়া থানার পুলিশ তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৪৫), স্ত্রী সালমা বেগম (৪০), ছেলে শিমুল হোসেন (২২) ও প্রতিবেশী রুমন আলী (৩২)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, কামাল রাজশাহী নগরের দাশপুকুর এলাকায় রাস্তা দখল করে বেশ কিছু দোকানপাট তৈরি করেছিলেন। এতে এলাকাবাসীর চরম ভোগান্তি হচ্ছিল। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বেলা একটার দিকে রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। এ সময় কামাল হোসেন, তাঁর স্ত্রী, ছেলেসহ তাঁদের কয়েকজন অনুসারী পুলিশের ওপরে চড়াও হন। তাঁরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মানুষকে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আর ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করা হয়।
ওসি বলেন, আটক ব্যক্তিদের বর্তমানে থানাহাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।