স্ত্রী-সন্তানের সামনেই মারধর
শ্বশুরবাড়ি বেড়ানো শেষে গত বুধবার সন্ধ্যার পর স্ত্রী-সন্তানকে সঙ্গে করে বাড়ি ফেরেন রাসেল ব্যাপারী (২৮)। বাড়ির সামনে রাস্তার ওপর তাঁর মুদি দোকান। জিনিসপত্র রেখে সোজা বসেন দোকানে। এ সময় দোকানে টেলিভিশন দেখছিলেন স্থানীয় কয়েকজন।
রাত সাড়ে নয়টার দিকে ৯-১০ জন সন্ত্রাসী অতর্কিতে দোকানের সামনে এসে রাসেল কার নাম জিজ্ঞাসা করে। পরিচয় নিশ্চিত হয়ে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে রাস্তায় ফেলে তাঁকে পেটাতে শুরু করে।
দোকানে বসে টেলিভিশন দেখছিলেন রাসেলের স্ত্রী রিনা বেগম ও তাঁর শিশুসন্তান। স্বামীকে পেটাতে দেখে সন্ত্রাসীদের পায়ে ধরে কান্না ও শিশুর আর্তনাদেও মন গলেনি। উল্টো সন্তান ও স্ত্রীর দিকে চার-পাঁচজন আগ্নেয়াস্ত্র তাক করে শব্দ করতে বারণ করে। অন্যরা সবাইকে চারদিক থেকে ঘিরে ধরে ও রাসেলকে বেদম পেটাতে থাকে। দোকানের টেলিভিশন, ফ্রিজসহ মালামাল তছনছ করে ভেঙে ফেলে। হইচইয়ের শব্দ পেয়ে এগিয়ে আসেন স্থানীয় গ্রাম পাহারাদার। তিনি আসামাত্র তাঁর দিকেও কয়েকজন আগ্নেয়াস্ত্র তাক করে ও একটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ভয়ে কেউ সরতে পারেননি। রাসেলকে মৃত ভেবে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা শুধু বলে, ‘তোদের না বলেছিলাম কেউ মাছ মারবি না। তারপরও তোরা আমাদের বিলের মাছ ধরেসিস ক্যান। আমরা সর্বহারা লাল পতাকার লোক। দ্যাখ, এবার কেমন লাগে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুইয়ে কথাগুলো বলছিলেন রাসেল। চিকিৎসকেরা জানিয়েছেন, রাসেলের বাঁ পায়ের একটি হাড় ফেটে গেছে। মাথার এক পাশ কেটে যাওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়েছেন তাঁরা।
রাসেলের মতো হাসপাতালের বিছানায় শুইয়ে আছেন পাশের দেবগ্রামের সিদ্দিক খাঁর ছেলে নাজিম উদ্দিন খাঁ (৩০)। নাজিম উদ্দিন জানান, বুধবার রাত নয়টার দিকে বাড়ির পাশে করিমের মুদি দোকানে বসে টেলিভিশন দেখছিলেন। অতর্কিতভাবে ৯-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী দোকানটি চারদিক থেকে ঘিরে ধরে নাজিম উদ্দিন কে, জানতে চায়। পরিচয় দেওয়ার পর তারা কোনো কথা না বলেই নাজিম উদ্দিনকে রাস্তায় ফেলে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করতে থাকে। মারধরে তাঁর দুটি পা ও পিঠ রক্তাক্ত জখম হয়েছে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে কুদ্দুস মোল্লাকে (৭০) সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। এ ঘটনার পরই আক্রমণ করে একই গ্রামের স্থানীয় ইউপি সদস্য লোকমান খাঁর ছেলে রেজাউল খাঁর (৩২) ওপর। রেজাউলও বাড়ির পাশের মুদি দোকানে বসে টেলিভিশন দেখছিলেন। সন্ত্রাসীরা এসে মেম্বারের ছেলে রেজাউল কে, জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে বেদম মারধর করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, সন্ত্রাসীদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা বুধবার রাত আনুমানিক নয়টার দিকে ট্রলারযোগে দেবগ্রামের কাওয়ালজানি এলাকায় নেমে কয়েকজনকে চিহ্নিত করে বেদম মারধর করে। তাদের পরনে হাফ প্যান্ট, লুঙ্গি ও ফুল প্যান্ট ছিল।
স্থানীয় ইউপি সদস্য লোকমান খাঁ বলেন, ‘প্রায় তিন মাস আগেও সন্ত্রাসীরা রাতের অন্ধকারে গ্রামে প্রবেশ করে এলাকার কয়েকজনকে ধরে নিয়ে মারধর করে। এ বিষয়ে থানার পুলিশকে জানালে আমাদের জন্য আরও বিপদ হতে পারে বলে জানাইনি।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি আমি দুপুরের দিকে জানতে পেরেছি। জানার পরই পুলিশের একাধিক দল মাঠে নামানো হয়েছে।’