স্ত্রী হত্যা মামলায় স্বামী কারাগারে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীকে গ্রেপ্তারের পরে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
নিহত ওই স্ত্রীর নাম মমতাজ বেগম (৪৫)। কারাগারে পাঠানো তাঁর স্বামীর নাম শহীদুল ইসলাম (৪৮)। স্ত্রী হত্যা মামলায় গত রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম ও তাঁর স্ত্রী মমতাজ বেগমের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার উত্তর রানীগাঁও নয়াপাড়া গ্রামে মমতাজকে নির্যাতনের পর হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলে রাখা হয়। পরদিন পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই শহীদুল ইসলাম আত্মগোপন করেন। এ ঘটনায় ওই দিন নিহত মমতাজের বড় বোন রোমেলা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এরপর ২১ ফেব্রুয়ারি নিহতের ছেলে সোহেল মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। কলমাকান্দা থানা পুলিশ শহীদুল ইসলামকে গত রোববার সন্ধ্যায় নরসিংদীর মাদবদী এলাকা থেকে গ্রেপ্তার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম তাঁর স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।